Tuesday, September 12, 2023

তদন্ত প্রতিবেদন হাতে পেলে পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএমপি

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এডিসি হারুন অর রশিদ এবং শাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তফার বিরুদ্ধে বিভাগীয়সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাময়িক বরখাস্ত হওয়া এডিসি হারুন অর রশিদের নির্যাতনে আহত ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, শাহবাগ থানার ঘটনায় ছাত্রলীগ নেতা নাঈম আহত হয়েছেন। আমি মূলত তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খবর নেয়ার জন্য আমার সহকর্মীদের নিয়ে তাকে হাসপাতালে দেখতে এসেছি। তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছি, তিনি এখনও অসুস্থ। তার সুস্থ হতে আরও কয়েক দিন সময় লাগবে।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজ শেষ হওয়ার  আগেই দুজন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এডিসি হারুনকে সরকার সাময়িক বরখাস্ত করেছে। শাহবাগ থানার পরিদর্শককেও (অপারেশন) থানা থেকে সরিয়ে দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমরা তাদের বিরুদ্ধে বিভাগীয়সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত কমিটি ঘটনার সার্বিক বিষয়ে তদন্ত করে দেখবে কে কে দোষী এবং প্রকৃত ঘটনা কী, কেন ঘটনাটি ঘটল। এসব বিষয়ে তদন্ত কমিটি আমাদের প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য আমরা সরকারের কাছে সুপারিশ পাঠাব।

এর আগে গত রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন বলেছিলেন, ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন। এটি তদন্ত করা হবে, তদন্তে এডিসি দোষী হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এডিসি হারুনকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারা মোতাবেক সোমবার থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।'

গত শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বারডেম হাসপাতালে প্রশাসনের এক কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান এডিসি হারুন। সেই বাগ্‌বিতণ্ডা থামাতে ওই প্রশাসন কর্মকর্তার ডাকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীম হাজির হলে তাদেরকে শাহবাগ থানার ভেতরে ধরে নিয়ে মারধরের অভিযোগ ওঠে রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে।

এ ঘটনায় হারুন অর রশিদকে একদিনে দুবার বদলি করা হয়। রোববার (১০ সেপ্টেম্বর) প্রথমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে তাকে রমনা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়। পরে পুলিশ সদর দফতর থেকে আরেক প্রজ্ঞাপনে এডিসি হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়। সবশেষ তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাঠিপেটার অভিযোগ আছে হারুন অর রাশীদের বিরুদ্ধে। খবরের শিরোনাম হয়েছেন কখনও শিক্ষকদের পিটিয়ে, আবার কখনও নারীদের সঙ্গে খারাপ আচরণ করে। এমনকি নিজ সহকর্মীকেও চড় মেরে সমালোচিত হয়েছিলেন এডিসি হারুন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: