Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Wednesday, October 11, 2023

টিউশন ফি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা

টিউশন ফি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম টিউশন ফি আদায় না করতে কড়া নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে একাধিক মাসের টিউশন ফি আদায় না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণায়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব জহিরুল ইসলামের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই লক্ষ্যে আগামী নভেম্বর মাসে সারাদেশের স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর মাসেই নভেম্বর ও ডিসেম্বরের অগ্রিম টিউশন ফি আদায় শুরু করেছে বলে অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়। এরপরই এমন কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও সমমানের সব শ্রেণির পরীক্ষা/মূল্যায়ন নভেম্বরের মধ্যে শেষ হবে। এ অজুহাতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের টিউশন ফি একসঙ্গে আদায়ের নোটিশ দিয়েছে। এতে অভিভাবকরা অসহনীয় আর্থিক চাপের মধ্যে পড়বেন।

এ অবস্থায় সব বেসরকারি মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একসঙ্গে একাধিক মাসের টিউশন ফি (অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর) আগ্রিম আদায় না করে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাসের টিউশন ফি সংশ্লিষ্ট মাসেই গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দেওয়া হয়েছে।

Tuesday, September 26, 2023

জাবির ছাত্রীকে লিডিং ইউনিভার্সিটি শিক্ষকের কারের ধাক্কা, ৩০ টাকা জরিমানা

জাবির ছাত্রীকে লিডিং ইউনিভার্সিটি শিক্ষকের কারের ধাক্কা, ৩০ টাকা জরিমানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ছবি আঁকার সময় পেছন থেকে গাড়ির ধাক্কা দেওয়ার জেরে সিলেট লিডিং ইউনিভার্সিটির দুই শিক্ষককে গণধোলাই দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে হস্তান্তর করেন তারা। এসময়, ওই দুই শিক্ষকের কাছ থেকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় জাবির পুরাতন কলা ও মানবিক অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার ওই দুই শিক্ষকের একজন লিডিং ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার এবং আরেকজন জুনিয়র লেকচারার।

আহত ওই ছাত্রীর নাম সামিয়া আক্তার রিয়া। তিনি জাবির চারুকলা বিভাগের প্রথম বর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর বারোটায় পুরাতন কলা ও মানবিক অনুষদের সামনের চত্বরে বেঞ্চে বসে ছবি আঁকা অনুশীলন করছিলেন সামিয়া। এসময়, জাবিতে ঘুরতে আসা ওই দুই শিক্ষকের কার পেছনে গিয়ে ইউটার্ন নেওয়ার সময় সামিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তাৎক্ষণিক সামিয়ার সহপাঠীরা ওই শিক্ষকদের গণধোলাই দিয়ে নিরাপত্তা শাখার কাছে তুলে দেন। এসময়, ওই শিক্ষকদের গাড়ি জব্দ করে নিরাপত্তা শাখায় নিয়ে যায় নিরাপত্তাকর্মীরা। পরে চারুকলা বিভাগের কয়েকজন শিক্ষক উপস্থিত হয়ে আহত শিক্ষার্থীর চিকিৎসাবাবদ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে। সবশেষ দুপুর ২ টায় ৩০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্তি পান ওই শিক্ষকরা।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, চারুকলা বিভাগের এক শিক্ষার্থীকে গাড়ির ধাক্কা দিয়ে আহত করার জেরে সিলেটের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের গাড়ি আমরা আটক করি। পরে জরিমানা দেওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল বলেন, ওই শিক্ষকদের মারধরের সময় আমি ছিলাম না। শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে হয়তো এটা ঘটাতে পারে। পরে ওই দুই শিক্ষক জরিমানা দিয়ে গাড়ি নিয়ে চলে গেছেন। শুনেছি, আহত ছাত্রী এখন সুস্থ আছে।

চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক শামীম রেজা বাংলাভিশনকে বলেন, লিডিং ইউনিভার্সিটির ২ শিক্ষকের গাড়ির ধাক্কায় আমাদের এক ছাত্রী আহত হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে বিভিন্ন পরীক্ষা শেষে ডাক্তার তেমন কোনো ইনজুরি নেই বলে জানায়। তবে ছাত্রীর পিঠে ব্যাকপেইন রয়েছে। শিক্ষার্থীদের দাবির কারণে প্রক্টর অফিসের তত্ত্বাবধানেওই শিক্ষকদের কাছ থেকে ৩০ হাজার টাকা আপাতত ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। ভবিষ্যতে বড় কোনো ঝুঁকি দেখা দিলে ওই শিক্ষকরা দায়ভার নিবেন বলে জানিয়েছেন।

Thursday, September 7, 2023

গতানুগতিক পদ্ধতিতে প্রাথমিকে বৃত্তি নয়: সচিব

গতানুগতিক পদ্ধতিতে প্রাথমিকে বৃত্তি নয়: সচিব

গতানুগতিক পদ্ধতিতে আর প্রাথমিকে বৃত্তি দেয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, শিক্ষার্থীদের উৎসাহ ভাতা দেয়া হবে। কোন পদ্ধতিতে দেয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এবিষয়ে কমিটি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটির প্রতিবেদন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে একই সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, এবছর প্রাথমিকে / পঞ্চম শ্রেণিতে আর বৃত্তি পরীক্ষা হবে না। প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিবর্তে... ক্ষুদে অলিম্পিয়াডের মতো কিছু কার্যক্রম নেয়া হবে...যেমন গণিত অলিম্পিয়াড বাংলা অলিম্পিয়াডসহ উৎসব দেয়ার মতো অনেক কার্যক্রম নেয়া হবে। এ সংক্রান্ত একটি কমিটি কাজ করছে তার রিপোর্ট দিলেই তা চূড়ান্ত হবে।

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১... অনুযায়ী কোচিং মুখিতা দূর করতে ও কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে পাঠদান ও ধারাবাহিক মূল্যায়নকে গুরুত্ব দেয়া হবে, বলেন প্রতিমন্ত্রী।

গত বছর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেয়া হয়। চলতি বছরে পঞ্চম শ্রেণিতে সেই বৃত্তি পরীক্ষাও নেয়া হবে না।

Credit: Somoy News

Saturday, September 2, 2023

ফের ক্ষমতায় এলেই শিক্ষকদের সব দাবি পূরণ: শিক্ষামন্ত্রী

ফের ক্ষমতায় এলেই শিক্ষকদের সব দাবি পূরণ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছেন। আমাদের যেতে হবে অনেক দূর। শিক্ষায় যা কিছু উন্নয়ন শেখ হাসিনার হাত ধরে হয়েছে, যতটুকু পথ হাঁটার কথা শেখ হাসিনার হাত ধরেই হাঁটতে হবে।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন এর সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন,

আপনারা ধৈর্য্য ধরে আছেন, আশায় আছেন, আগামী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে আসলে আপনাদের যত দাবি আছে, যতদ্রুত সম্ভব তার সব কিছুই পূরণ হবে ইনশাআল্লাহ

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এ আলোচনা সভার আয়োজন করে।

ডা. দীপু মনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমরা যেভাবে চাই, তার মূল কেন্দ্রে শিক্ষক।  কাজেই শিক্ষক যদি মানসম্পন্ন না হন, শিক্ষকের মনে যদি প্রশান্তি না থাকে, তিনি যদি মন খুলে তার শিক্ষার্থীকে শেখাতে না পারেন, তাহলে আমরা যত কারিকুলামই করি, যা কিছুই করি, সেখানে ঘাটতি থেকে যাবে। কাজেই শিক্ষকরা জরুরি, প্রধানমন্ত্রী সেটা ভালো করেই বুঝেন।

সে জন্য আজ পর্যন্ত যা কিছু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। তাহলে আপনারা তো আস্থা রাখতে পারেন, আমাদের যতদূর পথ হাঁটার কথা শেখ হাসিনার হাত ধরেই হাঁটতে হবে, যোগ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষকদের দাবির বিষয়ে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় অনেক কিছু চাওয়ার আছে, শিক্ষকদের অনেক কিছু চাওয়ার আছে, এগুলো যৌক্তিক। সেই যৌক্তিক চাওয়াগুলো আমরা নিশ্চয় পূরণ করব। কিন্তু সেটার জন্য আন্দোলন করার এই মুহূর্তে সঠিক সময় নয়। আমি মাঝে মাঝে জোকস করে বলি এখন নির্বাচনের সময় আন্দোলনের মৌসুম। সেই মৌসুম ভেবে কেউ কেউ রাস্তায় নেমে যান, আবার একটু উসকানিও থাকে। আগামী নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ এবং তারপরে আমাদের চাওয়া যা কিছু আছে সবই পূরণ হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, যারা সরকারি আছেন তাদের একরকম দাবি, যারা এমপিওতে আছেন তাদের একরকম দাবি, যারা নন-এমপিও তাদের একরকম। পুরো জিনিসটা বুঝে গুছিয়ে, জটিলতাগুলোকে দূর করে তারপর করতে হবে। হ-য-ব-র-ল নিয়ে পারবেন?

তিনি বলেন, আমরা দুটি কমিটি করে দিয়েছি, দু'দিনের একটি ওয়ার্কশপ করলাম। সবাইকে ডাকলাম। আমাদের নামে কদর্য কথা বলছেন, কুৎসা রটাচ্ছেন তাদেরকেও বললাম আসেন। কিন্তু তাদের মধ্যে মেইন লোক (ওয়ার্কশপে) ছিলেন না। তাদের সহযোগিতা দেয়ার জন্য সরকার তাদের ডেকে নিয়ে আসছে সেখানেও তারা আসতে রাজি না। তখন বিএনপি-জামায়াতের একটা সমাবেশ ছিল। তারা সেই সমাবেশে থাকবেন। তাদের নিয়ে নাচানাচি তো দরকার নেই। শিক্ষর্থীদের জিম্মি করে তারা দাবি আদায়ের মৌসুম মনে করে, বিরোধী দলের তথাকথিত আন্দোলনের পালে হাওয়া লাগাবার জন্য তারা রাস্তায় বসবে, সেটাকে প্রশ্রয় দেবার কোনো কারণ নেই।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ও স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

Thursday, August 31, 2023

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন এবং কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন।

বুধবার (৩০ আগস্ট) দিনগত রাত ১২টার পর এ ফল প্রকাশ করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এস এম মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে খুদেবার্তার মাধ্যমে এবং এনটিআরসিএ-এর ওয়েবসাইটে জানানো হবে।

পরীক্ষার্থীরা নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে পরীক্ষার ফলাফল এনটিআরসিএ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে টেলিটক থেকে খুদেবার্তার মাধ্যমেও ফল জানানো হয়েছে।

স্কুল-২ পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জনসহ মোট এক লাখ ৫১ হাজার ৪৩৬ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ চার হাজার ৮২৫ জন।

Tuesday, August 29, 2023

প্রাথমিকের শিক্ষক বদলি চলবে অনলাইনে

প্রাথমিকের শিক্ষক বদলি চলবে অনলাইনে

প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়ম ঠেকাতে পুরো কার্যক্রম চলবে অনলাইনে। প্রতি বছর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ- এই তিন মাস চলবে বদলি কার্যক্রম। স্বচ্ছতা আনার লক্ষ্যে এরইমধ্যে এ সংক্রান্ত নীতিমালা চুড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তদবির-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে বেশ কয়েক বছর বন্ধ রাখা হয়েছিলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম । শেষমেষ অনিয়ম ঠেকাতে গতবছর শুরু হয় অনলাইনে বদলি কার্যক্রম। এতে অনেকটাই স্বচ্ছতা আসে বলে মনে করছেন শিক্ষকেরা। প্রতিবছরই তা চালু রাখার দাবি তাদের।

প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান বলেন, 'বদলি অনলাইনে খুবই ভালো একটি উদ্যোগ। স্বচ্ছতা যাতে থাকে এবং এতে জবাবদিহিতা যেন আসে এটা নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যাবে। শিক্ষক ও অন্যান্য কর্মচারিরাও আশা করি এখান থেকে সুফল লাভ করতে পারবেন।'

প্রাথমিক শিক্ষক নিয়োগ উপজেলা-ভিত্তিক এবং উপজেলার মধ্যেই শিক্ষকদের বদলির নিয়ম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, এখন থেকে বদলি কার্যক্রম চলবে জানুয়ারি থেকে মার্চ তিন মাস। আর পুরো প্রক্রিয়াই চলবে সফটওয়্যারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহাম্মদ সচিব বলেন, 'আমাদের শিক্ষকগণ আবেদন করবেন সফটওয়্যারের মাধ্যমে, অনলাইনে মোবাইলের মাধ্যমে তারা আবেদন করবেন। এই তিন মাসের মধ্যেই সকল বদলি কার্যক্রম সম্পন্ন হবে। ফলে যেটি হবে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত শূন্য পদ বা শিক্ষকদের নিয়োগ কার্যক্রম করবো।'

শুধু সহকারি শিক্ষকই নয়, প্রধান শিক্ষক এবং কর্মকর্তাদের বদলিও হবে একই পদ্ধতিতে। স্বচ্ছতা নিশ্চিতেই এই সিদ্ধান্ত মন্ত্রণালয়ের।

ফরিদ আহাম্মদ বলেন, 'অনলাইন বদলি নির্দেশিকা সকল অংশীজনের সাথে কথা বলে আমরা এটাকে হাল নাগাদ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পরবর্তী বছর থেকে শুধুমাত্র সহকারী শিক্ষকই না, প্রধান শিক্ষক ও পর্যায়ক্রমে আমাদের সকল কর্মকর্তা-কর্মচারিদেরকে এই অনলাইন বদলি ব্যবস্থাপনার আওতায় আনতে আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি।'

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজারের বেশি। আর মোট শিক্ষক সাড়ে ৪ লাখ।

Credit-Independent News

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা চূড়ান্ত

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা চূড়ান্ত

তিন বছর ঝুলে থাকার পর চূড়ান্ত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা। এর অধীনে ৬৫ হাজার বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ তৈরি হচ্ছে। এ ছাড়া অধিদপ্তরের দুটি পরিচালক পদেও ধাপে ধাপে যেতে পারবেন প্রাইমারির শিক্ষকেরা।

মন্ত্রণালয় বলছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জারি হবে প্রজ্ঞাপন।

প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সভাপতি আনিসুর রহমান জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আছে চার লাখ। এদের বেশিরভাগের চাকরি জীবন শেষ হয় পদোন্নতি ছাড়াই। ফলে শিক্ষকেরা চরম হতাশায় ভোগেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, এ অবস্থা কাটাতে ২০২০ সালে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা তৈরির কাজ শুরু করে মন্ত্রণালয়। নানা জটিলতা কাটিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে বিধিমালা। এর ফলে ৬৫ হাজার শিক্ষক সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন। সুযোগ পাবেন অধিদপ্তরেও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর সহযোগী অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, পদোন্নতির সুযোগ তৈরি হলে মেধাবীরাও এই পেশায় আসবে। এতে শিক্ষার মান আরও উন্নয়ন হবে।

সেই সঙ্গে শিক্ষকদের বেতন বৈষম্যও দূর করার তাগিদ শিক্ষা গবেষকদের।

Sunday, August 27, 2023

শিক্ষার্থীদের এক দফা দাবি: অবরুদ্ধ নীলক্ষেত, অতিরিক্ত পুলিশ মোতায়েন

শিক্ষার্থীদের এক দফা দাবি: অবরুদ্ধ নীলক্ষেত, অতিরিক্ত পুলিশ মোতায়েন

এক দফা দাবিতে চূড়ান্তভাবে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এরই জেরে নীলক্ষেত মোড় অবরোধ করেছে তারা। এতে বন্ধ হয়ে গেছে আজিমপুর-মিরপুর সড়কের যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ঢাবি প্রশাসন তাদের সঙ্গে প্রহসন করছে।  এসময় 'নয় মাসে রেজাল্ট কেন, জবাব চাই জবাব চাই' 'ঢাবি তোমার প্রহসন, মানি না মানবো না', 'এক দফা এক দাবি, মেনে নাও মেনে নাও', 'সাত কলেজের এক দাবি মানতে হবে মানতে হবে' সহ প্রমোশনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।

তারা বলেন, ঢাবি ফল প্রকাশের দীর্ঘসূত্রিতা তৈরি করেছে। যার ফলে সাধারণ শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। এই দায়ভার সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসনকে নিতে হবে। সাত কলেজের সক্ষমতা না থাকা এবং নানামুখী সংকটের পরও বিশ্ববিদ্যালয় জোর করে সিজিপিএ শর্ত চাপিয়ে দিয়েছে।

ডিএমপির রমনা বিভাগেরে নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম বলেন, এর আগেও তারা একাধিকবার আন্দোলন করেছে। তখন তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকে তারা কোনো কথা শুনতে চাচ্ছে না। উল্টো আত্মহননের মতো ঘটনা ঘটাবে বলে হুঁশিয়ারি দিচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নারী পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে জনদুর্ভোগ চরমে। এই পরিস্থিতিতে আমরা চেষ্টা করছি কিভাবে তাদের বিষয়টি সমাধানের দিকে নেওয়া যায়।

প্রসঙ্গত, ঢাবির সিজিপিএ নীতিমালার শর্ত হচ্ছে- কোনো শিক্ষার্থী ২.৫০ এর নিচে পেলে তাকে অকৃতকার্য হিসেবে একই ক্লাশে পুনরায় সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। কিন্তু শিক্ষার্থীরা তা মানতে রাজি নয়।

তাদের দাবি- সব বিষয়ে পাশ করার পরও সিজিপিএ এর কারণে একই বর্ষে পরীক্ষা দেওয়ার শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করতে হবে। এসব  দাবিতে নীলক্ষেতে অবরোধ, প্রেসক্লাবে অনশনসহ বিভিন্নভাবে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন সাত কলেজের স্নাতকের (২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা।

তবে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এমন দাবিতে আন্দোলন করলেও ঢাবি তাদের সিদ্ধান্তে অনড় এখনো।

Thursday, August 24, 2023

আরও সহজ হলো এক্সেলের হিসাবনিকাশ

আরও সহজ হলো এক্সেলের হিসাবনিকাশ

যারা এক্সেল ব্যবহার করে হিসাবনিকাশ করেন, তাদের জন্য সুখবর দিয়েছে মাইক্রোসফট। এখন থেকে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পাইথন ব্যবহার করে তারা উপাত্ত বিশ্লেষণ করতে পারবেন। উপাত্ত ভিজ্যুয়ালাইজেশনেও নতুন আগ্রহ তৈরি হবে।

এর মধ্যদিয়ে সূত্র, রেখাচিত্রসহ পিভোটটেবলস তৈরি করে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবেন এক্সেল ব্যবহাকারীরা। মার্কিন প্রযুক্তি ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, স্প্রেডশিট এক্সেলে পাইথন জুড়ে দিয়েছে মাইক্রোসফট। এতে নতুন করে আর কোনো সফটওয়্যার ইনস্টল করার দরকার পড়বে না।

খবরে বলা হয়, এক্সেলের কার্যকারিতা বাড়াতে নতুন কোনো অ্যাড-অন কিংবা সেট-আপও লাগবে না। কারণ এক্সেলের অন্তর্নিমিত কানেকটর ও পাওয়ার কুইয়ারির অংশ হিসেবে যুক্ত করা হয়েছে পাইথনকে।

এছাড়াও এক্সেলে নতুন একটি পাইথন ফাংশন আনা হয়েছে। এতে এক্সেল স্প্রেডশিটের গ্রিডের মধ্যেই দেখা যাবে পাইথনকে। আর পাইথন ভাণ্ডারে থাকা পান্ডাস, স্ট্যাটসমডেলস, ম্যাটপলটিবের মতো জনপ্রিয় তথ্য বিশ্লেষণও থাকছে এক্সেলে।

মাইক্রোসফটের এই স্প্রেডশিট ব্যবহারকারীরা সূত্র, পিভোটটেবলস ও রেখাচিত্রও তৈরি করতে পারবে। পাইথনের স্রষ্টা গুইডো ভ্যান রোসাম বলেন, পাইথন ও এক্সেলে এই সংযোগে আমি খুবই খুশি। এই সহযোগিতার কারণে এক্সেল ও পাইথন কমিউনিটির সক্ষমতাও বাড়বে। বছর তিনেক আগে যখন আমরা মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হই, তখন কল্পনাও করিনি, এমনটা করা যাবে। কিন্তু আজ তা সম্ভব হয়েছে।

মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। আক্ষরিক অর্থে স্প্রেডশিট হলো ছককাটা বড় মাপের কাগজ, যেখানে হিসেবাদির কাজ সম্পন্ন হয়।

কাগজের স্প্রেডশিটের ঠিক অনুরূপ হচ্ছে মাইক্রোসফট এক্সেল। বিশেষ কিছু কারিগরি দক্ষতা জানা থাকলে এই প্রোগ্রাম সহজেই ব্যবহার করা যায়। ব্যবসায়িক কাজ ছাড়াও শিক্ষা, দাফতরিক, ইঞ্জিনিয়ারিং, তথ্যভাণ্ডার তৈরির কাজেও এর ব্যবহারের গুরুত্ব আছে।

Tuesday, August 22, 2023

আপনার নিকট আত্মীয়টি কি শুভাকাঙ্ক্ষী, কীভাবে চিনবেন

আপনার নিকট আত্মীয়টি কি শুভাকাঙ্ক্ষী, কীভাবে চিনবেন

 অনেক ক্ষেত্রে আমাদের আত্মীয়দের আড়ালে লুকিয়ে থাকে সবচেয়ে কূট ব্যক্তিটি। পৃথিবীতে আমাদের অনেক আত্মীয় থাকতে পারে, তবে সব আত্মীয়ই শুভাকাঙ্ক্ষী নন। আমাদের বাবা-মায়ের সঙ্গে মাঝে মাঝে শত্রুতা, আর্থিক সহায়তার জন্য সূক্ষ্ম ইঙ্গিত, জীবনযাপন সম্পর্কে পরোক্ষ মন্তব্য, সবই একজন নকল এবং সুবিধাবাদী আত্মীয়ের লক্ষণ। আপনি যদি বিভ্রান্ত হন যে, আপনার আত্মীয় আসলে বন্ধু নাকি ছদ্মবেশে একটি কুমির, তা জানতে পড়ুন।


মনোযোগ আকর্ষণ করার চেষ্টা

তারা সবসময় আপনার পিতা-মাতার মনোযোগ আকর্ষণ করার সুযোগ খুঁজছেন বা মাঝে মাঝে আপনারও।

মনোযোগ চাওয়া তাদের এজেন্ডাকে আরও এগিয়ে নিতে এবং তারা যা চায় তা পেতে সহায়তা করে। কোনো পারিবারিক অনুষ্ঠানে তারা মনোযোগ আকর্ষণ করতে কান্নাকাটির মতো বিষয়গুলো করতে পারে। এরা আপনার সামনে আপনার সঙ্গে ভালো করে কথা বলবে, কিন্তু আপনার আড়ালে আপনার নামে খারাপ কথা বলবে।

ব্যঙ্গাত্মক এবং নিন্দনীয়

যখন একজন আত্মীয় আপনাকে খারাপ সময়ে সান্ত্বনা দিচ্ছিল। আপনি কী কখনও অনুভব করেছেন যে, তারা আপনাকে নিয়ে আড়ালে মজা করছে? আপনি কী কখনো বুঝতে পেরেছিলেন তারা কেন একজন আহত ব্যক্তির সঙ্গে এটি করবে?

নকল আত্মীয়রা আপনার দুঃখে খুব আনন্দ পায় এবং আপনাকে সান্ত্বনা দিতে বা আপনাকে বিভ্রান্ত করতে ব্যঙ্গাত্মক হওয়ার চেষ্টা করবে। সুতরাং, পরের বার আপনি তাদের বলতে শুনবেন 'ওহ এটা ঠিক আছে, এটি সম্ভবত আপনার জন্য সঠিক জিনিস নয়'। এ সময় তাদের মুখে ধুর্ত হাসি থাকবে। তখন বুঝতে পারবেন তারা আসলে নকল।

অসংলগ্ন যোগাযোগ

অনেক আত্মীয় আছে যারা আপনার মা বাবাকে আপনাদের কথা জিজ্ঞেস করে ইনিয়ে বিনিয়ে তাদের সন্তানদের সুখ্যাতি করে আপনাদের নিচু প্রমাণ করতে চাইবে। এ কথোপকথন একজন নকল আত্মীয়র একটি স্পষ্ট ইঙ্গিত।

যদি কোনো আত্মীয় তাদের যোগাযোগের ক্ষেত্রে অসঙ্গতিপূর্ণ হয়, শুধুমাত্র মাঝে মাঝে বা যখন তাদের প্রয়োজনে আপনার কাছে আসে, তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে তাদের উদ্দেশ্য প্রকৃত নয়।

নকল আত্মীয়দের মোকাবেলা করতে সীমানা নির্ধারণ করুন, নকল আত্মীয়ের সঙ্গে আপনার মিথস্ক্রিয়ায় স্পষ্ট সীমানা স্থাপন করুন। সম্ভাব্য ম্যানিপুলেশন থেকে নিজেকে রক্ষা করতে ব্যক্তিগতভাবে এবং অনলাইন উভয় ক্ষেত্রেই আপনি তাদের সঙ্গে শেয়ার করা তথ্য সীমিত করুন।

ধীরে ধীরে বিচ্ছিন্নতা

যদিও একবারে সব যোগাযোগ বন্ধ করে দেয়া একটি কঠিন প্রক্রিয়া এবং প্রায়ই সামাজিক অসন্তোষের সঙ্গে দেখা হয়। তাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করা অপরিহার্য। অত্যধিক জড়িত বা মানসিকভাবে তাদের সঙ্গে না থেকে তাদের ছোট অনুরোধে সাড়া দিন।

খাঁটি সম্পর্কের ওপর দৃষ্টি দিন

নকল আত্মীয়ের প্রভাব থেকে বেরিয়ে আসতে বা তাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে শূন্যতা পূরণ করতে প্রকৃত আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য আপনার সময় এবং শক্তি বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ। যারা সত্যিই আপনার যত্ন নেয়। ইতিবাচক প্রভাবের সঙ্গে নিজেকে ঘিরে রাখা নকল আত্মীয়দের নেতিবাচক প্রভাবকে মোকাবেলা করতে এবং আপনার ব্যক্তিগত জীবনকে সুখী স্পন্দনে পূর্ণ করতে সহায়তা করতে পারে এটি।

Thursday, August 17, 2023

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে গাঁজা খাচ্ছিলো যুবক, অতঃপর...

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে গাঁজা খাচ্ছিলো যুবক, অতঃপর...

 দেশের ৮টি বোর্ডে একযোগে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এইএইচএসসি পরীক্ষা কেন্দ্রে গাঁজা সেবন করছিল এক যুবক। পরে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে নোয়াখালীর কবিরহাট উপজেলায় ওই যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আবদুল কাইয়ুম রিয়াজ (২৪)। সে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রামের মো.মোফাজ্জলের ছেলে।


বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভিতরে গাঁজা সেবন করে মাতলামি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিলেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পরীক্ষার দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ।

পরে অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নগদ এক হাজার টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এরপর তাকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত যুবককে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Saturday, July 16, 2022

এসএসসি পরীক্ষা ১৫ আগস্টের পর শুরু হতে পারে

এসএসসি পরীক্ষা ১৫ আগস্টের পর শুরু হতে পারে

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে ১৫ আগস্টের পর যে কোনো দিন। এই পরীক্ষা নিয়ে আলোচনার জন্য আগামীকাল রবিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এই সংবাদ সম্মেলন থেকে পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করা হতে পারে।


নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষা বোর্ডের পরীক্ষা-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা শনিবার (১৬ জুলাই) বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পরপর যে কোনো দিন এই পরীক্ষা শুরু হতে পারে। ১৫ আগস্টের আগে এই পরীক্ষা শুরুর কোনো সম্ভাবনা নেই।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে স্থগিত করা হয়। ফলে এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে। এ অবস্থায় পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা করা হতে পারে রবিবার।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, 'পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এখনও আশ্রয়কেন্দ্র হিসেবে আছে। কোথাও কোথাও শিক্ষার্থীরা এখনও বাড়ি ফিরতে পারেনি। কতজন পরীক্ষার্থীর বইপত্র বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরীক্ষার্থীদের হাতে বইগুলো পৌঁছানোর পর অন্তত দুই সপ্তাহ প্রস্তুতির জন্য সময় দিতে হবে। তারপর এসএসসি পরীক্ষা নেওয়া যাবে।'

Friday, July 8, 2022

এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি সময়সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব নয়। বই হাতে পৌঁছানোর দুই সপ্তাহ পর সময়সূচী চূড়ান্ত করা হবে।


বন্যাকবলিত অঞ্চলে শিক্ষার্থীদের পড়ালেখার প্রসঙ্গে তিনি বলেন, বন্যাকবলিত অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক শিক্ষার্থীর বইপত্র নষ্ট হয়েছে। তাদের বইপত্র পৌঁছাতে হবে। অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে।

এসব কিছু বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি সময়সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব নয়। বই হাতে পৌঁছানোর দুই সপ্তাহ পর সময়সূচী চূড়ান্ত করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। টিকা কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু করোনা বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কোনো পরিকল্পনা নেই।

এদিকে, রোববার (৩ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভায় দেশে বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী মাসে নেয়ার প্রাথমিক সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা বোর্ডগুলো। তবে ঈদের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারিখ চূড়ান্ত ঘোষণা করা বলেও জানায় তারা।

এ ছাড়াও এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে অক্টোবরে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ছিল আগামী মাসে।

সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের বলেন, সভায় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যেসব তথ্য-উপাত্ত উপস্থাপন করেছেন, তাতে দেখা গেছে সিলেট বোর্ডের অর্ধেক কেন্দ্র এখনও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব কেন্দ্র পরীক্ষার উপযোগী করতে এ মাস লেগে যাবে, এজন্য পরীক্ষা নেয়া সম্ভব নয়। ঈদের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগস্টে এসএসসি শুরুর সম্ভাবনার দিন রাখা হয়েছে।

আর এসএসসি পরীক্ষা যদি আগস্টের প্রথম সপ্তাহে শুরু করা যায়, তাহলে এইচএসসি পরীক্ষা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুরুর সম্ভাবনা আছে। কারণ, এই দুই পরীক্ষার মধ্যে দুই মাসের বিরতির দরকার হয় বলেও জানান তিনি।

এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরুর কথা ছিল। তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যায় পরীক্ষা শুরুর আগে রাতে তা স্থগিত করা হয়। যার কারণে এইচএসসিও পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।