এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে ১৫ আগস্টের পর যে কোনো দিন। এই পরীক্ষা নিয়ে আলোচনার জন্য আগামীকাল রবিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এই সংবাদ সম্মেলন থেকে পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করা হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষা বোর্ডের পরীক্ষা-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা শনিবার (১৬ জুলাই) বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পরপর যে কোনো দিন এই পরীক্ষা শুরু হতে পারে। ১৫ আগস্টের আগে এই পরীক্ষা শুরুর কোনো সম্ভাবনা নেই।
এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে স্থগিত করা হয়। ফলে এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে। এ অবস্থায় পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা করা হতে পারে রবিবার।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, 'পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এখনও আশ্রয়কেন্দ্র হিসেবে আছে। কোথাও কোথাও শিক্ষার্থীরা এখনও বাড়ি ফিরতে পারেনি। কতজন পরীক্ষার্থীর বইপত্র বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরীক্ষার্থীদের হাতে বইগুলো পৌঁছানোর পর অন্তত দুই সপ্তাহ প্রস্তুতির জন্য সময় দিতে হবে। তারপর এসএসসি পরীক্ষা নেওয়া যাবে।'

0 coment rios: