Tuesday, August 29, 2023

প্রাথমিকের শিক্ষক বদলি চলবে অনলাইনে

প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়ম ঠেকাতে পুরো কার্যক্রম চলবে অনলাইনে। প্রতি বছর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ- এই তিন মাস চলবে বদলি কার্যক্রম। স্বচ্ছতা আনার লক্ষ্যে এরইমধ্যে এ সংক্রান্ত নীতিমালা চুড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তদবির-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে বেশ কয়েক বছর বন্ধ রাখা হয়েছিলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম । শেষমেষ অনিয়ম ঠেকাতে গতবছর শুরু হয় অনলাইনে বদলি কার্যক্রম। এতে অনেকটাই স্বচ্ছতা আসে বলে মনে করছেন শিক্ষকেরা। প্রতিবছরই তা চালু রাখার দাবি তাদের।

প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান বলেন, 'বদলি অনলাইনে খুবই ভালো একটি উদ্যোগ। স্বচ্ছতা যাতে থাকে এবং এতে জবাবদিহিতা যেন আসে এটা নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যাবে। শিক্ষক ও অন্যান্য কর্মচারিরাও আশা করি এখান থেকে সুফল লাভ করতে পারবেন।'

প্রাথমিক শিক্ষক নিয়োগ উপজেলা-ভিত্তিক এবং উপজেলার মধ্যেই শিক্ষকদের বদলির নিয়ম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, এখন থেকে বদলি কার্যক্রম চলবে জানুয়ারি থেকে মার্চ তিন মাস। আর পুরো প্রক্রিয়াই চলবে সফটওয়্যারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহাম্মদ সচিব বলেন, 'আমাদের শিক্ষকগণ আবেদন করবেন সফটওয়্যারের মাধ্যমে, অনলাইনে মোবাইলের মাধ্যমে তারা আবেদন করবেন। এই তিন মাসের মধ্যেই সকল বদলি কার্যক্রম সম্পন্ন হবে। ফলে যেটি হবে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত শূন্য পদ বা শিক্ষকদের নিয়োগ কার্যক্রম করবো।'

শুধু সহকারি শিক্ষকই নয়, প্রধান শিক্ষক এবং কর্মকর্তাদের বদলিও হবে একই পদ্ধতিতে। স্বচ্ছতা নিশ্চিতেই এই সিদ্ধান্ত মন্ত্রণালয়ের।

ফরিদ আহাম্মদ বলেন, 'অনলাইন বদলি নির্দেশিকা সকল অংশীজনের সাথে কথা বলে আমরা এটাকে হাল নাগাদ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পরবর্তী বছর থেকে শুধুমাত্র সহকারী শিক্ষকই না, প্রধান শিক্ষক ও পর্যায়ক্রমে আমাদের সকল কর্মকর্তা-কর্মচারিদেরকে এই অনলাইন বদলি ব্যবস্থাপনার আওতায় আনতে আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি।'

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজারের বেশি। আর মোট শিক্ষক সাড়ে ৪ লাখ।

Credit-Independent News


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: