Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts

Tuesday, January 23, 2024

শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারাল কুমিল্লা

শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারাল কুমিল্লা

 বিপিএলের দশম আসরটা হার দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল বিপিএলের সবচেয়ে সফল দলটি। এই ম্যাচে বরিশালকে ৪ উইকেটে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে কুমিল্লা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা। ব্যাটিংয়ে নেমে লিটন-হৃদয়দের ১৬২ রানের লক্ষ্য দেয় তামিম-রিয়াদরা। জবাব দিতে নেমে ১ বল ও চার উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Wednesday, January 3, 2024

প্রীতি ম্যাচ খেলতে ভারত সফরে আসছে আর্জেন্টিনা!

প্রীতি ম্যাচ খেলতে ভারত সফরে আসছে আর্জেন্টিনা!

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছরের জুনেই বাংলাদেশ ও ভারতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার। অবশ্য নানা প্রতিবন্ধকতায় শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে কেরালা সরকারের আমন্ত্রণে চলতি বছরে জুলাইয়ে ভারতে প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে আলবিসেলেস্তেরা।

কেরালার গণমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যম 'স্পোর্টসকিডা'।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, কেরালা সরকারের আমন্ত্রণে জুলাইয়ে রাজ্যটিতে প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এ বিষয়ে আলোচনা এগিয়ে নিতে দুই পক্ষের মধ্যে সাক্ষাতের প্রত্যাশা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, প্রীতি ম্যাচটি ভারতের বিপক্ষে খেলবে মেসিরা। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।

সবশেষ ২০১১ সালে ভারতের মাটিতে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল মেসিরা। একই বছর বাংলাদেশের মাটিতেও নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আলবিসেলেস্তেরা। সে ম্যাচে তারা জয় পেয়েছিল ৩-১ ব্যবধানে।

এর আগে গত বছরের জুনে ফিফা উইন্ডোতে বাংলাদেশ ও ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসার কথা ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু ভেন্যু জটিলতায় মেসিদের শেষ পর্যন্ত বাংলাদেশে আনতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অন্যদিকে আর্থিক জটিলতায় ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ায় ভারতের ফুটবল ফেডারেশন।

Monday, January 1, 2024

ব্যাডমিন্টন খেলার সময় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

ব্যাডমিন্টন খেলার সময় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাডমিন্টন খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সির (৫৫) মৃত্যু হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এসআই মনিরুজ্জামান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের হাসমত আলী মুন্সির ছেলে। তিনি গোয়ালন্দ ঘাট থানায় ডিএসবিতে কর্মরত ছিলেন। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে  রয়েছে।

গোয়ালন্দঘাট থানা পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার রাত ৯টার দিকে তিনি থানা ক্যাম্পাসে সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে নামেন। এর ৮-১০ মিনিট পর তিনি হঠাৎ বুক চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সহকর্মীরা পুলিশ ভ্যানে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এসআই মনির হোসেন জানান, বিষয়টি খুবই বেদনাদায়ক। মনির ভাই অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

রোববার রাত সাড়ে ১০টায় রাজবাড়ী পুলিশ লাইন্স জামে মসজিদ প্রাঙ্গণে এসআই মনিরুজ্জামান মুন্সির প্রথম জানাজা নামাজ শেষ হয়। এরপর তার মরদেহ পুলিশের তত্ত্বাবধানে গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দায় স্বজনদের কাছে নিয়ে যাওয়া হয়।

এসআই মনিরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।

Tuesday, November 7, 2023

সাকিবের পরিবর্তে কে খেলবে বিশ্বকাপ দলে, জানালো বিসিবি

সাকিবের পরিবর্তে কে খেলবে বিশ্বকাপ দলে, জানালো বিসিবি

চলতি বিশ্বকাপে আঙুলের চোটের কারণে নিজেদের শেষ ম্যাচে অজিদের বিপক্ষে খেলতে পারবেন না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে শেষ ম্যাচে সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়।

এনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলে তিনটি সেঞ্চুরির সাহায্যে করেছেন ১ হাজার ২৫৮ রান। তিনি ২০১৫ সালের বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে চোটের কারণে বাদ পড়ে যান।

সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। এই চোটেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। ম্যাচ শেষে আঙুলের এক্স-রে রিপোর্টে ফাটল ধরা পড়েছে। এ কারণে আজ দেশে ফিরেছেন সাকিব।

মঙ্গলবার (৭ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে হারের বৃত্ত ভেঙেছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। কিন্তু শেষ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলো তারা।

আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ইনজুরিতে শেষ ম্যাচটি না খেলেই সাকিবকে দেশে ফিরতে হচ্ছে। এই অবস্থায় শুধু বিশ্বকাপের শেষ ম্যাচই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি।

সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, সাকিব ব্যাটিং ইনিংসের শুরুতে তার বাম তর্জনীতে আঘাত পান। ব্যথা পাওয়ার পর আঙ্গুলে টেপিং দেওয়ার পাশাপাশি ব্যথানাশক ওষুধ দিয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে দিল্লিতে এক্স-রে করানো হয়, রিপোর্টে আঙ্গুলে ফ্র্যাকচার ধরা পড়ে। এই চোট সারতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে।

Thursday, November 2, 2023

সবার আগে বাদ পড়েও যেভাবে বিশ্বকাপে দেড় কোটি টাকা পাবে সাকিবরা

সবার আগে বাদ পড়েও যেভাবে বিশ্বকাপে দেড় কোটি টাকা পাবে সাকিবরা

সেমির স্বপ্ন আর ভালো করার আশা নিয়ে এবারের বিশ্বকা যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সকল আশার গুড়ে বালি ঢেলে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে সাকিব আল হাসানের দল। চলতি আসরে এ পর্যন্ত খেলা ৭ ম্যাচের ৬ টিতেই হেরে বিশ্বকাপের দলগুলোর মধ্যে সবার প্রথমে আনুষ্ঠানিকভাবে বিদায় হয়েছে বাংলাদেশের। এরপরও বিশাল অঙ্কের টাকা পাবে টাইগাররা।

বিশ্বকাপ থেকে সবার আগে বাদ গেলেও আইসিসি থেকে মোটা অঙ্কের প্রাইজমানি পাবে সাকিব-লিটনরা। আইসিসির ঘোষিত প্রাইজমানি অনুযায়ী প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ছয় দলের মধ্যে প্রতিটি দলই পাবে ১ লাখ ডলার করে, বাংলাদেশী মুদ্রায় যার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা। এই আসরে গ্রুপ পর্বে মোট ৪৫ টি ম্যাচ হবে। প্রতিটি ম্যাচের জয়ী দল পাবে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা। এখন পর্যন্ত হিসেব করলে বাংলাদেশ দল দেড় কোটি টাকার মতো পাবে।

আগামী ৭ ও ১১ নভেম্বর নিয়ম রক্ষার ম্যাচ খেলতে সাকিব-লিটনদের প্রতিপক্ষ শ্রীলংকা এবং অস্ট্রেলিয়া। এই দুই ম্যাচ বাংলাদেশ জিততে পারলে টাকার অঙ্কটা আরো বাড়বে।

২০২৩ বিশ্বকাপে মোট ১ কোটি মার্কিন ডলার প্রাইজমানি হিসেবে ঘোষণা করে আইসিসি। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৪ কোটি টাকা) এবং রানার্স আপ পাবে ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা)।সেমিফাইনাল থেকে বাদ পড়া দল ৮ লাখ ডলার করে পাবে। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৮ কোটি ৭৮ লাখ টাকা।

Tuesday, October 31, 2023

বাংলাদেশকে নিয়ে বেশ ‘সতর্ক’ পাকিস্তান

বাংলাদেশকে নিয়ে বেশ ‘সতর্ক’ পাকিস্তান

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে খেলার স্বপ্ন বুনেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপ মিশনে দারুণ শুরুও করেছিল টাইগাররা। কিন্তু এরপর থেকেই একের পর এক ম্যাচে হেরে সময়টা ভালো যাচ্ছে না সাকিব বাহিনীর।

টানা পাঁচ ম্যাচ পরাজয়ের বৃত্তে আটকে বিদায় নিশ্চিত হয়ে পড়েছে টাইগারদের। এমনকি ডাচদের কাছেও লজ্জার পরাজয় বরণ করে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সে বর্তমানে সময়টা ভালো না গেলেও বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক পাকিস্তান।

মঙ্গলবার (৩১ অক্টোবর) চলতি বিশ্বকাপের ৩১তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলাটি। এই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় দুই দলই।

এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ দল নিয়ে কথা বলেন পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। তিনি জানান, বাংলাদেশের একাধিক মানসম্পন্ন ক্রিকেটার রয়েছে। টাইগারদের বিপক্ষে জিততে হলে ভালো খেলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের কোচ বলেন, 'বিশ্বকাপের প্রতিটি দলই মানসম্পন্ন। আমরা জানি, বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেই জিততে হবে। ভালো খেললে যেকোনো দলকে হারাতে পারব। আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি। তাদের অনেক কোয়ালিটি ক্রিকেটার আছে। আমরা বাংলাদেশের মুখোমুখি হতে ভালোভাবে প্রস্তুত।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ দল সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে। এশিয়া কাপে তাদের বিরুদ্ধে খেলেছি। অতীতেও অনেক খেলেছি। ভেন্যুটা আমাদের জন্য নতুন। সেরাটা দেওয়ার লক্ষ্যে আমরা প্রচুর হোমওয়ার্ক করেছি।'

Sunday, October 29, 2023

টানা হারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েও শঙ্কায় বাংলাদেশ

টানা হারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েও শঙ্কায় বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার স্বপ্ন কার্যত ভেঙে গেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর ব্যর্থতা স্বীকার করেই নিয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। এখন সম্মানজনক অবস্থানে থেকে বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ। তবে লক্ষ্য আছে আরও একটা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া। কিন্তু সেই পথটাও কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য।

২০২৫ সালে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। 'নকআউট বিশ্বকাপ' নামে পরিচিত এই টুর্নামেন্ট আয়োজন করা হয় আট দল নিয়ে। বিশ্বকাপে সেরা সাতে থাকা দলগুলোর সঙ্গে স্বাগতিক পাকিস্তানকে নিয়ে হবে এবারের আসর। তাই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে কমপক্ষে সপ্তম অবস্থানে থেকে বিশ্বকাপ শেষ করতে হবে বাংলাদেশকে।

৬ ম্যাচে মাত্র ১টি জয়ে ২ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে বাংলাদেশ। সপ্তম স্থানে থেকে শেষ করতে হলে শেষ তিন ম্যাচে কমপক্ষে দুটিতে জিততেই হবে বাংলাদেশকে। শেষ তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। তাই কাজটি যথেষ্ট কঠিনই হবে সাকিবদের জন্য।

চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাইয়ের পদ্ধতিটি আইসিসির একজন মুখপাত্র নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাইয়ের এই পদ্ধতি আইসিসির বোর্ড ২০২১ সালেই অনুমোদন দিয়েছে। বন্ধ হয়ে যাওয়া এই টুর্নামেন্ট ২০২৪-৩১ চক্রে ফিরিয়ে আনার ঘোষণাও সে সময়েই দিয়েছিল সংস্থাটি।

তবে দল বাছাইয়ের প্রক্রিয়াটা অনেক বোর্ডের জন্যই বিস্ময়ের কারণ হয়ে এসেছে। যায়ের মধ্যে অনেকেই ভারতের মাটিতে এই মুহূর্তে বিশ্বকাপ খেলছে। তারা ক্রিকইনফোকে জানিয়েছে, তারা টুর্নামেন্টের এই পর্যায়ে এসেও বাছাই প্রক্রিয়াটি সম্পর্কে অবগত ছিল না।

এই পদ্ধতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাই হওয়া মানে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মতো আইসিসির  পূর্ণ সদস্য দলও এই মর্যাদাপূর্ণ আসরে খেলার জন্য বিবেচনাতেও আসছে না। কারণ এবারের বিশ্বকাপের বাছাই পর্বই পার হতে পারেনি তারা।

গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সাকিবই প্রথম ব্যাপারটা সামনে আনেন। সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন, টানা হারে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়াটাই এখন শঙ্কায়। এরপরই বাকি দলগুলোও এ বিষয়ে আগ্রহী হয়ে ওঠে।

অপ্রতিরোধ্য ভারতের সামনে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ

অপ্রতিরোধ্য ভারতের সামনে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ

ইংল্যান্ড হয়ত পণ করেছে বাংলাদেশকে তাদের ওপরেই রাখবে। টাইগারদের দাপটের সঙ্গে হারানর পর আর জয়ের মুখ দেখেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের। জয় তো দূরে থাক, ভারতের বোলিংয়ের বিপক্ষে টিকে থাকতেই পারল না জস বাটলারের দল। স্বল্প রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই বড় জয়ে ফের টেবিলের শীর্ষে উঠেছে ভারত।

ভারতকে থামাবে কে? -এই প্রশ্নই এখন চারপাশে। দেশের মাটিতে চলমান বিশ্বকাপে ভারতের সামনে যে দলই পড়ছে ন্যুনতম লড়াইও করতে পারছে না। আগের ম্যাচে তবু একটু চ্যালেঞ্জে ফেলেছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংটা ভালো না হওয়ায় ভাবা হচ্ছিল পা হড়কাতেও পারে আজ। কিন্তু দাপট দেখালেন ভারতের বোলাররা। ইংল্যান্ড রীতিমতো খাবি খেতে খেতে ডুবল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় এখন সময়ের ব্যাপার শুধু।

লখনৌয়ের অটল বিহারি বাজপেয়ী একানা স্টেডিয়ামে রোববার (২৯ অক্টোবর) ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়েছে ভারত। টস জিতে এদিন ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে রোহিত শর্মার ব্যাটে ভর করে ৯ উইকেট হারিয়ে ২২৯ রানের মামুলি সংগ্রহ পায় ভারত। জবাবে ভারতের বোলারদের দাপটে রানে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

এদিন আগে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। ক্রিস ওকস ও ডেভিড উইলির দাপুটে বোলিংয়ে মাত্র ৪০ রান তুলতে ৩ উইকেট হারায় ভারত। শুভমান গিল ৯ ও শ্রেয়াস আইয়ার ৪ রান করলেও এদিন রানের খাতা খুলতেই পারেননি বিরাট কোহলি।

কেএল রাহুলের সঙ্গে ৯১ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ওপেনার রোহিত শর্মা। ৫৮ বলে ৩ চারে ৩৯ রান করে উইলির শিকারে পরিণত হন রাহুল। রাহুলের বিদায়ের পর সূর্যকুমারের সঙ্গে জুটি গড়েন রোহিত।

Monday, October 23, 2023

‘ফিজিও রিপোর্টের’ উপর ঝুলে আছে সাকিব-তাসকিনের কালকের ম্যাচ

‘ফিজিও রিপোর্টের’ উপর ঝুলে আছে সাকিব-তাসকিনের কালকের ম্যাচ

চলমান বিশ্বকাপ আসরে বাংলাদেশের পর্বটা এখন পর্যন্ত খুব একটা সুখকর নয়। শুরুটা ভালো করলেও বকি তিনটিতেই টানা হার। চার ম্যাচে মাত্র ১টি জয়। সেরাদের লড়াইয়ে রানরেটের কল্যাণে কোনভাবে টিকে আছে টাইগাররা। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে কোচিং প্যানেলের দূরত্ব বেড়ে যাওয়ার কথাও উঠে এসেছে। সেই সাথে নতুন খবর হচ্ছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অসুস্থতা। সবমিলিয়ে ভারতে মাটিতে মাঠ বা মাঠের বাইরের পরিস্থিতি কোনোটিই টাইগারদের পক্ষে নেই।

তার সঙ্গে আবর যুক্ত হয়েছে চোট সমস্যা। আসরের প্রথম ম্যাচেই কাঁধের চোটে পড়েছিলেন তাসকিন। মূলত আগের চোট, তবে ব্যাথা বেড়েছিল প্রথম ম্যাচেই। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে তাই কোটার দশ ওভার পূরণ করতেই পারেননি এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে সাকিব বাঁ পায়ের উরুর চোটে আক্রান্ত হন। তাইতো দুজনেই মিস করেছেন ভারতের বিপক্ষের ম্যাচেটি।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথায় অবশ্য কিছুটা হলেও স্বস্তি পাবেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। তার ভাষ্য মতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী কালকের ম্যাচে সাকিব খেলতে পারেন। এমনকি তিনি জানান টাইগার অধিনায়ক ভারত ম্যাচও খেলতে চেয়েছিল। তবে বড় দুর্ঘটনার কথা মাথায় রেখে তাকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট।

একটি গণমাধ্যমকে সুজন জানান, 'সাকিব ভারতের সাথের ম্যাচেও খেলতে চেয়েছিল। মাঠে প্রস্তুত হয়ে গিয়েছিল সে। আশা করি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবে সাকিব। ও তো খেলতেই চায়, আমরা ওকে খেলতে দিই না। কারণ বড় কিছু হয়ে গেলে বাকি ম্যাচগুলোতে পাওয়া যাবে না।'

এদিকে কাঁধের চোটে ভুগছেন পেসার তাসকিন আহমেদ। যে কারণে ভারত ম্যাচে খেলা হয়নি তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচে তাসকিন-সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'ফিজিও তো বলছে প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে। কাল (আজ) একটা মূল্যায়ন রিপোর্ট দেবে। তার ওপর ভিত্তি করে বাকি সিদ্ধান্ত।

Thursday, October 19, 2023

কোহলির দুর্দান্ত শতকে উড়ে গেল বাংলাদেশ, টানা ৪ জয় ভারতের

কোহলির দুর্দান্ত শতকে উড়ে গেল বাংলাদেশ, টানা ৪ জয় ভারতের

১৬ বছর পর সাকিব আল হাসানকে ছাড়া বিশ্বকাপ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। টস ও ব্যাটিংয়ের শুরুটা দেখে মনে হয়েছিল কোনো ধাক্কা খেতে হবে না। কিন্তু না, ম্যাড়মেড়ে খেলা উপহার দিয়েছে নাজমুল হাসান শান্ত বাহিনী। অন্যদিকে বিরাট কোহলির দুর্দান্ত শতকে ৭ উইকেটে জয় পেয়েছে ভারত।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশ স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ থামে ২৫৬ রানে। জবাবে ৪১.৩ ওভারে মাত্র তিনটি উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত। এই জয়ে টানা চার ম্যাচে চারটিতেই জিতলো রোহিত শর্মার দল।

এদিন ভারতের জয়ের জন্য যখন প্রয়োজন ৮ রান তখন বিরাট কোহলির শতকের জন্যও প্রয়োজন ৮ রানই। এমন দোলাচলের মধ্যেই বাউন্সে ওয়াইড দিলেন হাসান মাহমুদ। তবে শেষ দেখে ছাড়লেন কোহলিও। পরের ওভারে নাসুমকে ছক্কা হাঁকিয়ে নিজের শতক পূর্ণ করার পাশাপাশি দলের জয় নিয়ে মাঠ ছাড়লেন ভারতের সাবেক অধিনায়ক।

ভারতের হয়ে কোহলির শতক ছাড়াও ফিফটি করেন শুভমান গিল (৫৩)। রোহিত শর্মা করেন ৪৮ এবং ৩৪ রানে অপরাজিত ছিলেন রোকেশ রাহুল। শ্রেয়াস আয়ার ফিরে যান ১৯ রানে। বাংলাদেশের হয়ে মিরাজ দুটি এবং হাসান মাহমুদ একটি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিম ও লিটন দাস দারুণ শুরু করেন। যদিও প্রথম ৫ ওভারে মাত্র ১০ রান তোলেন এ দুজন। তবে পঞ্চম ওভারের পর থেকে ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন তামিম ও লিটন। ৪১ বলে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা পান তামিম। ফিফটির পরই আউট হন এ ব্যাটার। এরপর দ্রুত ফিরে যান শান্ত (৮) ও মিরাজ (৩)।

একপ্রান্ত আগলে রেখে ফিফটি পূরণ করেন লিটন। বিশ্বকাপ ক্যারিয়ারে দ্বিতীয় অর্ধশতকে পৌঁছাতে তিনি খেলেন ৬২ বল। ফেরেন ৬৬ রানে। তাওহীদ হৃদয় টিকে ছিলেন ঠিকই, কিন্তু ফেরেন ৩৫ বলে ১৬ রানে। মুশফিক ভালো কিছুর সম্ভাবনা জাগালেও ৩৮ রানের বেশি করতে পারেননি। নাসুম আহমেদ করেন ১৪ রান। শেষদিকে দলকে এগিয়ে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ৩৬ বলের ৪৬ রানের চমক দেখানো ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।

ভারতের হয়ে বল হাতে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট শিকার করেন। আর শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব নেন একটি করে উইকেট।

Sunday, October 15, 2023

বিশ্বকাপে অঘটনের শিকার চ্যাম্পিয়ন ইংল্যান্ড

বিশ্বকাপে অঘটনের শিকার চ্যাম্পিয়ন ইংল্যান্ড

 এবারের বিশ্বকাপে এই প্রথম বড় কোনো অঘটনের জন্ম দিলো আফগানিস্তান। 

আগের দুই ম্যাচে গো-হারা আফগানিস্তান আজ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে হারিয়ে দিয়েছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।

Friday, October 13, 2023

ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে সালমান খানের গর্জন

ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে সালমান খানের গর্জন

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। নিজেদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাবর আজমের দল। মেগা এই আসরের আয়োজক ভারতও নিজেদের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে।

আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে লড়াই। শোনা যাচ্ছে, এই ম্যাচেই শোনা যাবে বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খানের গর্জন।

বলিউডে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা 'টাইগার থ্রি'। ছবির প্রচারের জন্য এই দুই তারকা এখন ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৬ অক্টোবর আসতে চলেছে টাইগার থ্রির ট্রেলার। তার আগে ছবির নতুন পোস্টারে সামনে এলেন সালমান।

টাইগার থ্রির পোস্টারে বন্দুক হাতে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায় সালমানকে। পোস্টারে নজর কাড়ছে সালমানের ছবি। পোস্টার শেয়ার করে ক্যাপশানে লেখা হয়েছে—টাইগার আসছে। ১৬ অক্টোবর আসছে টাইগার থ্রির ট্রেলার। এর জন্য তৈরি থাকুন! ট্রেলার আসতে আর মাত্র ৫ দিন বাকি।

এদিকে টাইগার থ্রি নিয়ে বড় খবর সামনে এসেছে। বিশ্বকাপ ক্রিকেট মাঠেও শোনা যাবে 'টাইগার' সালমানের গর্জন। শোনা যাচ্ছে, এটা নিয়ে যশরাজ ফিল্মসের সঙ্গে স্টার স্পোর্টস চ্যানেল কর্তৃপক্ষের একটা বড় চুক্তি হয়েছে। আর এ চুক্তির কেন্দ্রবিন্দুতে ভারত-পাক ম্যাচ ঘিরে।

সূত্রের খবর, শুধু ভারত-পাকিস্তান ম্যাচজুড়েই নয় বাকি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও থাকবে টাইগার থ্রির প্রমোশনের ব্যবস্থা। সালমান খান ইতোমধ্যে নাকি কিছু বিশ্বকাপের থিমভিত্তিক বিজ্ঞাপনের শুটিংও করেছেন। ম্যাচের ফাঁকে ফাঁকে দেখা যাবে সেই প্রমোগুলো।

একটি বিশেষ সূত্র জানাচ্ছে, '২০১৯-এ বিশ্বকাপের ম্যাচগুলো ৫০০ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছিলেন! ২০১৯-এ ভারত বনাম পাকিস্তানের খেলা দেখেছিলেন প্রায় ২০০ মিলিয়ন দর্শক! সুতরাং ২০২৩ সালে এ টুর্নামেন্টটি যে জ্যোতির্বিদ্যাগত টাইগার থ্রির প্রচারে ভীষণভাবে সাহায্য করতে পারে বলে মনে করা হচ্ছে। আর সে কারণে এই চুক্তি।'

প্রসঙ্গত, দীপাবলিতে মুক্তি পাবে সালমান-ক্যাটরিনার 'টাইগার থ্রি'। এর আগে গত মঙ্গলবার 'জোয়া'র চরিত্রে ক্যাটরিনার একটি লুক সামনে এনেছিলেন নির্মাতারা। যেখানে ক্যাটরিনার হাতেও ছিল বন্দুক। আগ্নেয়াস্ত্র হাতেই দড়ি ধরে ঝুলতে দেখা গেছে 'জোয়া' ক্যাটরিনাকে। টাইগার থ্রি যশ রাজ ফিল্মসের ওজি স্পাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ছবিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা ও চিত্রনাট্য লিখেছেন আদিত্য চোপড়া।

ওটামেন্ডির গোলে জয় পেল আর্জেন্টিনা

ওটামেন্ডির গোলে জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে নিকোলাস ওটামেন্ডির ম্যাচের শুরুতেই পাওয়া গোলে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

শুরুর একাদশে মেসিকে ছাড়াই মাঠে নামে বিশ্বকাপজয়ীরা। আর নেমেই ম্যাচের তৃতীয় মিনিটে দলকে লিড এনে দেন ওটামেন্ডি। সেই গোলেই জয় হয় আলবেসেলেস্তিয়ানদের।

ম্যাচের পুরোটা সময় আধিপত্য ধরে রেখে খেলে বিশ্বকাপজয়ীরা। ম্যাচের ৭৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল আকাশী নীলরা।

লম্বা সময় বল দখলে রেখে ১৫ টি শট নিয়েছিল তারা প্রতিপক্ষের গোলমুখে। কিন্তু এর ভেতর কেবল একটি শোত ছিল লক্ষ্যে। সেটিতেই আসে গোল।

শুরুর একাদশে না থাকলেও ম্যাচের ৫৩ মিনিটের মাথায় আলভারেজকে উঠিয়ে নেন কোচ লিওনেল স্কালোনি। তার পরিবর্তে মাঠের নামেন মেসি। একটি শট গোলমুখে তিনি করলেও সেটি ক্রসবার ছুঁয়ে যায়।

এই জয়ে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের শীর্ষে রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা।

আগামী মঙ্গলবার (১৭ অক্টোবর) পেরুর বিপক্ষে বাছাইপর্বের চতুর্থ ম্যাচে নামবে আর্জেন্টিনা।

আহত বাঘের আজ উড়ন্ত কিউই শিকারের মিশন

আহত বাঘের আজ উড়ন্ত কিউই শিকারের মিশন

একদলের রয়েছে টানা দুই ম্যাচে দাপুটে জয়ের স্বাদ। আর আরেক দলের সঙ্গী দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরুর পর বিশ্বচ্যাম্পিয়নদের কাছে বাজেভাবে হারের স্বাদ। এমন দুই ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

কাগজ-কলম ও সাম্প্রতিক সময়কার পরিসংখ্যান বলছে জয়ের ক্ষেত্রে বেশ এগিয়ে নিউজিল্যান্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত কিউইদের বিপক্ষে জয়ের দেখা মেলেনি টাইগারদের। পাঁচ বারের হেড টু হেড লড়াইয়ে প্রতিবারই জিতেছে নিউজিল্যান্ড। যে কারণে এদিক বিবেচনায় জয়ের ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৪১ বার দেখা হয়েছে দুদলের। এই ৪১ দেখায় কেবল ১০ বার শেষ হাসি হাসতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বাকি ৩০ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্ল্যাক ক্যাপরা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

নিজেদের শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানও কথা বলছে নিউজিল্যান্ডের পক্ষে। শেষ পাঁচ ম্যাচের ৪টিতেই জয় পেয়েছে কিউইরা। অপরদিকে লাল-সবুজের প্রতিনিধিদের অর্জন ২ জয়ের বিপরীতে ৩ পরাজয়।

দুই দলের হেড টু হেড শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানও এগিয়ে রাখছে কিউইদের। বিশ্বকাপের আগে ঘরের মাঠে কিউইদের দ্বিতীয় সারির দলের কাছে হেরেছিল বাংলাদেশ। দুই দলের শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাওয়া দুটি জয়ই বেশ দাপুটে ছিল নিউজিল্যান্ডের। অপরদিকে আফগান বধের পর ইংলিশ পরীক্ষায় ফেল করে টাইগাররা। আর সে কারণেই টাইগারদের সামনে আজ মিশন উড়তে থাকা কিউইদের মাটিতে নামিয়ে আনা।

তবে উপমহাদেশের কন্ডিশনে টাইগার স্পিনারদের সমীহ করছেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'নিশ্চিতভাবেই উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে তারা খুব ভালোভাবে পরিচিত। দলে বেশ কয়েকজন ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়ও আছে। আর আমি ঘুরিয়ে-ফিরিয়ে এটিই বলি, বৈশ্বিক টুর্নামেন্টে এমন অনেক দল থাকে, যারা কন্ডিশনভেদে যে কাউকে হারাতে পারে।'

এদিকে উড়তে থাকা নিউজিল্যান্ডকে নিয়ে ভয়ের কিছু দেখছেন না টাইগার টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, 'আমার মনে হয় প্রথম ম্যাচটা বোলারর ও ব্যাটাররা ভালোভাবে শেষ করেছে। তাই সামনের ম্যাচগুলোতে আমরা ব্যাটাররা কীভাবে বড় স্কোর করব সেটাই গুরুত্বপূর্ণ। তাই এটা নিয়ে আমাদের পরিকল্পনাও আছে। তাই চেষ্টা করব সামনের ম্যাচে সেভাবে ব্যাটিং করার।'

Tuesday, October 10, 2023

ইংলিশদের গতির আগুনে পুড়লো বাংলাদেশ, হারলো বড় ব্যবধানে

ইংলিশদের গতির আগুনে পুড়লো বাংলাদেশ, হারলো বড় ব্যবধানে

গত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার ক্ষত নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড। আর আফগানিস্তানকে হারানোর সুখস্মৃতি নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ক্ষত থেকেই যেন জ্বলে উঠলো ইংলিশরা। আর তাতে পুড়লো টাইগাররা। আগে ব্যাট করে ৩৬৫ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। জবাবে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩৭ রানের জয়ে ঘুরে দাঁড়ালো জস বাটলাররা।

যে ধর্মশালায় দুই দিন আগেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিল বাংলাদেশ। সেখানে আজ একেবারেই বিবর্ণ। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে হয়তো ভুলই করেছিলেন টাইগার সেনাপতি সাকিব। এই ভুলের খেসারত আজ পারফর্ম দিয়েও দিতে পারেননি। ব্যাটে-বলে আজ দেখা যায়নি চেনা সাকিবকে।

যে মাঠে সাকিব-মিরাজদের বল বারবার সীমানার বাইরে আছড়ে ফেলেছে ইংলিশ বোলাররা, সেই মাঠেই রান করতে গিয়ে নাকানি-চুবানি খেয়েছে বাংলাদেশের টপ অর্ডার। রিস টোপলে ও ক্রিস ওকসদের গতিতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৩৬৪ রান করে ইংল্যান্ড। বাংলাদেশি বোলাররা শুরুতে উইকেট না পেলেও শেষদিকে বারবার আঘাত হেনে ৯টি উইকেট শিকার করে। শেখ মেহেদী ৪টি ও শরিফুল ইসলাম ৩টি উইকেট নেন। সাকিব ও তাসকিন শিকার করেন একটি করে।

ইংলিশদের হয়ে এদিন গ্রাহাম গুচকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন জো রুট। জনি বেয়ারস্টো ও জো রুটের ফিফটির মাঝে ডেভিড মালান ঝড়ো সেঞ্চুরি করেন। এদিন দুটি শতক পেরোনো জুটি পায় ইংল্যান্ড। ১১৫ রানের ওপেনিং জুটির পর দ্বিতীয় উইকেটে এসেছে ১৫১ রানের জুটি। মালান ১০৭ বলে করেন ১৪০ রান, ৬৮ বলে ৮২ রান করেন জো রুট, বেয়ারস্টো করেন ৫২ রান।

এই পিচে বাংলাদেশের সবাই ব্যর্থ হলেও লিটন দাস ও মুশফিকুরর রহিম দেখিয়েছেন, ধৈর্য্য ধরে দেখেশুনে খেললে রান করা সম্ভব। তানজিদ তামিম, নাজমুল শান্ত, সাকিব, মিরাজ ব্যর্থতার পরিচয় দিয়ে দলকে বিপদে ফেলেন। আর লিটন ৭৬, মুশফিক ৫১ ও তাওহীদ হৃদয় ৩৯ রান করে হারের ব্যবধান কমান।

রিস টোপলে ৪৩ রান খরচায় ৪টি, ক্রিস ওকস ৪৯ রানে ২টি এবং স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ ও মার্ক উড একটি করে উইকেট নেন। ১০৭ বলে ১৪০ রানের ঝড় তোলা ডেভিড মালান ম্যান অব দ্য ম্যাচ হন।

Monday, October 9, 2023

ইংল্যান্ডের বিপক্ষে একাদশে যে চমক থাকছে বাংলাদেশের

ইংল্যান্ডের বিপক্ষে একাদশে যে চমক থাকছে বাংলাদেশের

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। কিন্তু মাঠের ক্রিকেটে বেশ দাপট দেখিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ব্যাট-বলের লড়াইয়ে ৬ উইকেটের জয় পেয়েছে সাকিব আল হাসানের দল।

মঙ্গলবার (১০ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।

এবার বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্নে বিভোর টাইগাররা। তাই সেমির লক্ষ্যে এখন সাকিব বাহিনীর টার্গেট ইংল্যান্ডকে হারানো। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে উদ্বোধনী জুটিতে রান পাচ্ছে না টাইগাররা।ইংলিশদের বিপক্ষে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম অথবা লিটন দাসের মধ্যে একজনকে বাদ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে মেকশিফট ওপেনার হিসেবে খেলতে পারেন মেহেদি হাসান মিরাজ।

সেটা যদি না হয়, তাহলে মাহমুদউল্লাহ রিয়াদকেই থাকতে হতে পারে একাদশের বাইরে। তার পরিবর্তে একাদশে একজন বাড়তি স্পিনার দেখা যেতে পারে। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান কিংবা নাসুম আহমেদের একজনকে দেখা যেতে পারে।

গেল ম্যাচে ষষ্ঠ বোলারের অভাব কিছুটা হলেও টের পেয়েছে টাইগাররা। সে চিন্তা করেই একজন বাড়তি বোলিং অলরাউন্ডার খেলানোর প্রবল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে শেখ মাহেদির খেলার সম্ভাবনা বেশি।

ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

দুর্বল ডাচদের বিপক্ষে বড় জয় পেল কিউইরা

দুর্বল ডাচদের বিপক্ষে বড় জয় পেল কিউইরা

বিশ্বকাপে শুধু জয় নয় নেট রান রেটও গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে জয়ের সঙ্গে তাই বোনাস পয়েন্ট তুলে নেওয়াও গুরুত্বপূর্ণ। গেল দুই আসরের ফাইনাল খেলা নিউজিল্যান্ড যে কাজটা আসরে নিজেদের দুই ম্যাচে দারুণভাবে করেছে। রাউন্ড রবিন গ্রুপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের জয়ে বোনাস পয়েন্ট তুলে নিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা।

সোমবার (৯ অক্টোবর) হায়দরাবাদে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে ৯৯ রানে জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। নেট রান রেটের হিসাবটা ওপরেই রেখেছে।

উইল ইয়াং, রাচিন রবীন্দ্র ও টম লাথাম-তিন ব্যাটারের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান করেছে কিউইরা। জয় পেতে ডাচদের সামনে লক্ষ্য দাড়ায় ৩২৩ রান।

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দুই সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে আর রাচিন রবীন্দ্রর কাছেই হেরে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৮২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয়ের নেদারল্যান্ডসের বিপক্ষে আজ কনওয়ে দ্রুত ফিরলেও বেগ পেতে হলো না নিউজিল্যান্ডকে। রানের ফোয়ারা ছোটালেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রবীন্দ্রসহ বাকি ব্যাটাররা।

আজ টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ডাচরা। ইনিংসের প্রথম ৩ ওভার পর্যন্ত স্কোরবোর্ডে কোনো রান তুলতে পারেননি নিউজিল্যান্ডের দুই তারকা ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং।

প্রথমদিকে ডাচ বোলারদের সমীহ করলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হন কিউই দুই ওপেনার। প্রথম পাওয়ারপ্লে শেষে বিনা উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৬৩ রান। অবশ্য কাঙ্ক্ষিত ব্রেকথ্রু'র জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নেদারল্যান্ডসকে। দলীয় ৬৭ রানে প্রথম উইকেট হারায় গেলবারের রানার্স-আপরা। ৪০ বলে ৩২ রান করে ফেরেন আগের ম্যাচে ১২১ বলে ১৫২ রান করা ডেভন কনওয়ে।

এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র'র সঙ্গে ৮৪ বলে ৭৭ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার উইল ইয়াং। দলীয় ১৪৪ রানের মাথায় ভ্যান ম্যাকেরনের বলে ডি লিডের হাতে ধরা পড়ার আগে ৮০ বলে ৭টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৭০ রান করেন ইয়াং।

এরপর তৃতীয় উইকেটে ড্যারেল মিচেলকে সঙ্গে নিয়ে দারুণ খেলছিলেন আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের অনবদ্য ইনিংস খেলা রাচিন রবীন্দ্র। এদিন তিনি ৫১ বলে তিন চার আর এক ছক্কায় ৫১ রান করে সাজঘরে ফেরেন।

প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি উইলিয়ামসনের অবর্তমানে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা টম লাথাম। আজ ব্যাটিংয়ে নেমে ৪৬ বলে ৫৩ রানের কার্যকর ইনিংস খেললেন কিউই কাপ্তান। শেষ দিকে মিচেল স্যান্টনারের ১৭ বলে ৩৬ রানের ক্যামিওতে তিনশ' ছাড়ায় দলীয় সংগ্রহ।

Saturday, October 7, 2023

বিশ্বকাপের সময় ভারতের স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি

বিশ্বকাপের সময় ভারতের স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি

ভারতের মাটিতে গড়িয়েছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। আসর শুরুর আগে থেকে নিরাপত্তা ইস্যুতে হয়েছে নানা টালবাহনা। পরিবর্তন করতে হয়েছে একাধিক ম্যাচের সূচি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পরিকল্পনা এটে আসর শুরু করলেও স্বস্তি পাচ্ছে না আয়োজকরা। কারণ বিশ্বকাপ চলাকালীন নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি পেয়েছে দেশটির জাতীয় তদন্ত এজেন্সি (এনআইএ)।

ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শুধু স্টেডিয়াম উড়িয়ে দেয়া নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হত্যার হুমকি দিয়ে এনআইএকে ই-মেইল করেছিল সন্ত্রাসীরা। মূলত কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিঞ্চয়ের মুক্তির পাশাপাশি ৫০০ কোটি রুপির দাবিতে তারা এ হুমকি দিয়েছে। ই-মেইলটির উৎপত্তিস্থল হিসেবে ইউরোপকে শনাক্ত করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে হুমকির সে ই-মেইল প্রকাশ করা হয়েছে, '৫০০ কোটি রুপি ও লরেন্স বিঞ্চয়কে সরকার আমাদের হাতে তুলে না দিলে নরেন্দ্র মোদি ও নরেন্দ্র মোদি স্টেডিয়াম আমরা উড়িয়ে দেব। ভারতে সবকিছুই বিক্রি হয়। তোমরা নিজেদের যতই সুরক্ষিত মনে করো, আমাদের হাত থেকে নিস্তার পাবে না। কথা বলার ইচ্ছা থাকলে ই-মেইল করো।'

এনআইএ গত বৃহস্পতিবারই (৫ অক্টোবর) হুমকির বিষয়টি মুম্বাই পুলিশকে জানিয়েছে। এছাড়া গুজরাট পুলিশের পাশাপাশি আরও কিছু নিরাপত্তা সংস্থাকে বিষয়টি জানিয়ে সতর্ক করে ‍দিয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাটি। মেইলের উৎস খুঁজে বের করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। গত পরশু এ স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয় বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপের ফাইনাল, ভারত-পাকিস্তান ম্যাচসহ এ স্টেডিয়ামে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রবি বিঞ্চয় এখন দিল্লির মান্দোলি কারাগারে বন্দী আছেন। পাঞ্জাবে জন্ম নেয়া ৩০ বছর বয়সী রবি বিঞ্চয় ২০১৪ সাল থেকে কারাবন্দী। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করা বিঞ্চয়ের বিরুদ্ধে হামলা, খুন, ডাকাতিসহ একাধিক অভিযোগ আছে। এমনকি অভিযোগ রয়েছে, কারাগারে থেকেই তিনি নিজের সন্ত্রাসী দল পরিচালনা করেছেন। তার বিরুদ্ধে পাঞ্জাবি গায়ক সিধু মোসেওয়ালাকে হত্যার অভিযোগ রয়েছে। গত বছর মোসেওয়ালার ওপর আক্রমণের দায় স্বীকারও করেন রবি বিঞ্চয়।

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

আফগানস্তিানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ। ১৫৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে ৯২ বল হাতে রেখে। মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হাসান শান্তর জোড়া ফিফটিতে বড় জয়ে বিশ্বকাপে শুভ সূচনা করলো সাকিব আল হাসানের দল। হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে বাংলাদেশ বাংলাদেশ জয়োধ্বনি।

১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে একটু বিপদে পড়ে বাংলাদেশ। মিরাজ ও শান্ত জুটিতে ভর করে সেই বিপদ কাটিয়ে ওঠে টাইগাররা। মিরাজের পর ফিফটির দেখা পান শান্তও। তবে মিরাজ আউট হলেও শান্তকে পরাস্ত করতে পারেননি আফগান বোলাররা।

১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে একটু বিপদে পড়ে বাংলাদেশ। মিরাজ ও শান্ত জুটিতে ভর করে সেই বিপদ কাটিয়ে উঠছে টাইগাররা। শুরুতে তানজিদ তামিমের রান আউট আর লিটন দাসের ভুল শটে ইনসাইডএজ দলকে কিছুটা চাপে ফেলে। সেই চাপ থেকে দলকে এগিয়ে নেন মিরাজ-শান্ত। ৯৭ রানের জুটি গড়েন দুজন।

মিরাজ ফিরে গেলে আসেন সাকিব। শান্তকে নিয়ে ২২ রানের ছোট্ট জুটি গড়ে সাকিব ফিরে যান ছক্কা হাঁকাতে গিয়ে। ১৯ বলে ১৪ রান করেন ফেরার আগে। এরপর ক্রিজে আসা মুশফিককে নিয়ে জয়ের পথটুকু পাড়ি দিয়ে উল্লাস করতে করতে মাঠ ছাড়েন শান্ত। তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে অনবদ্য ৫৯ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩৭.২ ওভারেই অলআউট হয় আফগানরা। এর মধ্যে সাকিব আর মিরাজ মিলে নেন ছটি উইকেট। বাকি চারটি উইকেট নিয়েছেন পেসাররা। ১৫৬ রানেই গুটিয়ে গেছে রহমত শাহর দল। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ছাড়া আর কারো ব্যাটে তেমন রান আসেনি।

দেড়শ পেরোনো স্কোর গড়ার পথে ওপেনিং জুটির অবদান ছিল ভালো। ওই জুটি যখন ৪৭ রানে তখন ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। ইব্রাহিম জাদরান ২২ রানে ফেরার পর আফগানরা আবার ঘুরে দাঁড়ালে ৮২ রানের মাথায় রহমত শাহর উইকেট তুলে নিয়ে দলকে স্বস্তি এনে দেন সেই সাকিব।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উইকেট মেইডেন নিয়ে আফগানদের চাপে ফেলে দেন মিরাজ। এরপরই শুরু হয় আফগানদের ব্যাটিং বিপর্যয়। একের পর এক উইকেট পড়তেই থাকে।  দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন রহমানুল্লাহ গুরবাজ।

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন সাকিব ও  মিরাজ। এছাড়া শরিফুল দুইটি এবং মোস্তাফিজ ও তাসকিন একটি করে উইকেট শিকার করেন। বল হাতে ৩টি উইকেট, পয়েন্ট দুর্দান্ত ফিল্ডিং আর ব্যাটিংয়ে ফিফটি পাওয়া মিরাজকে ম্যাচের সেরা নির্বাচন করতে নির্বাচকদের একটুও কষ্ট করতে হয়নি।

Tuesday, September 26, 2023

ধোঁয়াশা রেখেই বিসিবি ছাড়লেন মাশরাফী

ধোঁয়াশা রেখেই বিসিবি ছাড়লেন মাশরাফী

দেশের ক্রিকেটে যেকোনো বড় সমস্যায় দৃশ্যপটে হাজির হয়ে পথ দেখান সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সবশেষ তামিম ইকবালের অবসর-অবসর ভেঙে ফেরা নাটকীয় প্রত্যাবর্তনের ঘটনায়ও মধ্যস্থতা করেছিলেন ম্যাশ। এবার ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে তামিমের দ্বন্দ্বের জেরে আবারও দৃশ্যপটে হাজির হয়েছেন লাল-সবুজের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করেন মাশরাফী। বিসিবিতে প্রবেশের পরপরই দুই নির্বাচক আব্দুর রাজ্জাক এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে ম্যাশকে কথা বলতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, তামিম-সাকিব ইস্যুতেই বিসিবিতে সাবেক এই অধিনায়ক। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকও করেছেন ম্যাশ। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও অজানা। রুদ্ধদ্বার এই বৈঠক শেষে দুপুর সাড়ে তিনটা নাগাদ বিসিবি ভবন ছেড়ে যান মাশরাফী।

এদিকে মাশরাফী বিসিবি ছাড়লেও এখনও সেখানে আছেন পাপন।

জানা গেছে, আজই বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। এর আগে, নির্বাচক ও বোর্ড পরিচালকদের সঙ্গে শেষ সময়ের আলোচনা সারবেন পাপন।

এর আগে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর তামিম জানিয়েছিলেন তিনি এখনও শতভাগ ফিট নন। যে কারণে পরের ম্যাচেই তাকে বিশ্রাম দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গুঞ্জন রয়েছে, বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে খেলতে চান তামিম। বোর্ড সভাপতিকেও এই বিষয়ে জানিয়েছেন তিনি। এতেই আপত্তি জানিয়েছেন সাকিব। এমনটা হলে অধিনায়কত্বও নাকি ছাড়তে চান সাকিব।