রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাডমিন্টন খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সির (৫৫) মৃত্যু হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এসআই মনিরুজ্জামান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের হাসমত আলী মুন্সির ছেলে। তিনি গোয়ালন্দ ঘাট থানায় ডিএসবিতে কর্মরত ছিলেন। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
গোয়ালন্দঘাট থানা পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার রাত ৯টার দিকে তিনি থানা ক্যাম্পাসে সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে নামেন। এর ৮-১০ মিনিট পর তিনি হঠাৎ বুক চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সহকর্মীরা পুলিশ ভ্যানে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এসআই মনির হোসেন জানান, বিষয়টি খুবই বেদনাদায়ক। মনির ভাই অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
রোববার রাত সাড়ে ১০টায় রাজবাড়ী পুলিশ লাইন্স জামে মসজিদ প্রাঙ্গণে এসআই মনিরুজ্জামান মুন্সির প্রথম জানাজা নামাজ শেষ হয়। এরপর তার মরদেহ পুলিশের তত্ত্বাবধানে গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দায় স্বজনদের কাছে নিয়ে যাওয়া হয়।
এসআই মনিরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।

0 coment rios: