আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে তৃতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ১৫৫ প্রার্থী। এ নিয়ে মোট আপিলকারী দাঁড়ালো ৩৬৮ জনে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা অঞ্চলে ২৭ জন, চট্টগ্রাম অঞ্চলে ১১ জন, ফরিদপুরে চারজন, সিলেটে নয়জন, ময়মনসিংহে আটজন, বরিশালে চারজন, খুলনায় ১৭ জন, রাজশাহীতে ১৭ জন, কুমিল্লায় ৩৩ জন ও রংপুর ২৪ জন আপিল আবেদন করেছেন।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিল করা মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ। বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিল করা মনোনয়নপত্রের ৭৩ দশমিক শূন্য ৮ শতাংশ।
আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এরপর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

0 coment rios: