যাচাই বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া গাইবান্ধা-২ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবির ও গাইবান্ধা-৫ আসনের প্রার্থী ফারজানা রাব্বী বুবলী প্রার্থিতা ফিরে পেয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সমন্বয়ে গঠিত আপিল বোর্ড যাচাই-বাছাই শেষে প্রার্থিতা ফিরে পান তারা।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মেয়ে।
জানা যায়, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধা-২ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য পদত্যাগ করা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সরোয়ার কবির ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।
এদিকে, যাচাই-বাছাইয়ের সময় তাদের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল বলে ঘোষণা করেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার কাজী নাহিদ রসুল। বাতিল হওয়ার পর উভয় মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন।

0 coment rios: