Wednesday, November 1, 2023

সংসদে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল, ২০২৩’ পাস

ব্রিকস জোটের চুক্তি অনুসারে, জাতীয় সংসদে 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল, ২০২৩' পাস হয়েছে।

বুধবার (১ নভেম্বর) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।

বিলটির উদ্দেশ্য ও কারণ হিসেবে বিবৃতিতে মন্ত্রী বলেন,

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ-আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোট ২০১৪ সালে অনুষ্ঠিত ষষ্ঠ শীর্ষ সম্মেলনে 'এগ্রিমেন্ট অন দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক' স্বাক্ষরের মাধ্যমে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) নামক একটি বহুজাতিক ব্যাংক প্রতিষ্ঠা করে। এনডিবি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা দেয়া।

বর্তমানে ৫টি প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ মোট ৮টি দেশ এ জোটের সদস্য বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন,

এই ব্যাংকের অনুমোদিত মূলধন ৫০ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে পেইড ইন শেয়ারস ১০ বিলিয়ন মার্কিন ডলার এবং কল্যাবল শেয়ার ৪০ বিলিয়ন মার্কিন ডলার। এখানে বাংলাদেশের মোট শেয়ারের পরিমাণ ৯ হাজার ৪২০ মিলিয়ন ডলার এবং চাঁদার পরিমাণ ৯৪২ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে পেইড ইন মূলধন হিসাবে, বাংলাদেশ ৭ কিস্তিতে ২ হাজার ৮১ কোটি ৮২ লাখ টাকা দেবে।

পরে আইনমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব দিলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি কন্ঠভোটে দেন। কণ্ঠভোটে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল, ২০২৩ পাস হয়।

এর আগে গত ১৭ জুলাই ব্রিকস ব্যাংকে যোগ দেয়ার চুক্তির অনুসমর্থন দেয় মন্ত্রিসভা। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন মেলে। যা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি বলেছিলেন, '২০১৪ সালে ব্রিকস শীর্ষ সম্মেলনে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে নতুন ব্যাংক করার ঘোষণা দেয়া হয়েছিল। এই ব্যাংক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাণিজ্য করা এবং উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করা।

মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, '৮টি দেশের সঙ্গে বাংলাদেশ এই ব্যাংকে অংশগ্রহণ করে। অংশগ্রহণের সেই চুক্তি সংশোধন করার প্রয়োজন ছিল, সোমবার (১৭ জুলাই) মন্ত্রিসভা ওই চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে।'

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিকসের উদ্যোগে ২০১৫ সালের ২১ জুলাই যাত্রা শুরু করে নিউ ডেভলেপমেন্ট ব্যাংক (এনডিবি)। ব্রিকস জোটের সদস্যদের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতেও অবকাঠামো খাত এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোয় ঋণ দেয় এনডিবি।

ব্রিকস হলো উদীয়মান অর্থনীতির পাঁচটি দেশ- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকার প্রথম অক্ষরের সমন্বয়ে নামকরণ করা একটি জোট। সবশেষ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হবার আগে এই সংঘটি 'ব্রিক' নামে পরিচিত ছিল।

গত ২ সেপ্টেম্বর বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করে বিশ্বের পাঁচ বৃহৎ উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গড়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি)। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অব গভর্নরস নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টিতে চূড়ান্ত অনুমোদন দেয় বলে ২ সেপ্টেম্বর বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সে সময়ে অর্থ মন্ত্রণালয় জানায়, গত ২০ অগাস্ট বোর্ড অব গভর্নরসের ওই সভায় বাংলাদেশের যোগদানের বিষয়টি চূড়ান্ত হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: