Wednesday, October 18, 2023

বিএনপিকে ওবায়দুল কাদেরের শেষ বার্তা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনি (মির্জা ফখরুল) শেষ বার্তা দিচ্ছেন, আজ আমিও শেষ বার্তা দিচ্ছি যে, নির্বাচনকালীন সরকারের সরকারপ্রধান থাকবেন শেখ হাসিনা।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ বার্তা দেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের কথা গরম, তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমাদের ভয় দেখান। আবার আমাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার বার্তা দিচ্ছেন, দিনকালও ঠিক করে দিচ্ছেন। বুঝা যাচ্ছে পকেট গরম, মাল-পানি ভালো ঢুকেছে।

তিনি বলেন, মির্জা ফখরুল পাঁচতারকা হোটেলে নাস্তা করে অনশন করেন ৩ ঘণ্টা। আড়াই ঘণ্টা পর বিদেশি জুস খেয়ে অনশন বন্ধ করে দেন। এমন আন্দোলন করছেন তারা। আমাদের বার্তা দিচ্ছে, দিনক্ষণ বলে দিচ্ছে কবে ক্ষমতা ছেড়ে দিতে হবে। বাংলাদেশের ম্যাজিক লিডার শেখ হাসিনা। আপনি কে বার্তা দেওয়ার, শেখ হাসিনা কার কাছে ক্ষমতা দেবে? শেখ হাসিনা পদত্যাগ করবেন কিনা? শেখ হাসিনা আবারও জনগণের রায়ে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন।

তিনি আরও বলেন, তারা উৎসাহিত হচ্ছেন, কারণ পশ্চিমারা নাকি তাদের উৎসাহ দিচ্ছে। ফখরুল সাহেব, দুনিয়ার অবস্থা ভালো না। তাদের নিজেদের ঘর সামলানোই এখন কঠিন। তারা ঘর সামলাবে নাকি আপনাদের উৎসাহ দেবে? উৎসাহ দেওয়ার দিন শেষ।

সেতুমন্ত্রী বলেন, অবরোধ করবেন? আমরা পালটা অবরোধ দেব। দাঁড়াতে দেব না। অবরোধ যারা করবেন, তারাই সাধারণ মানুষের জন্য বাধা। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা কী হয়, সেটা দেখা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি। এতে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং মির্জা আজম প্রমুখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: