Wednesday, October 18, 2023

১৫ ঘণ্টায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আটকের অভিযোগ

নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত ১৫ ঘণ্টায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। আটককৃতদের বেশির ভাগই বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসার পথে আটক হন।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে আটক বিএনপির নেতাকর্মীদের প্রিজনভ্যানে করে ঢাকার সিএমএম আদালতে আনা হয়।

বিএনপির অভিযোগ, ঢাকার কাকরাইল, ফকিরাপুল, মালিবাগ ও ঢাকার প্রবেশপথ থেকে এসব নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি বলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন থেকে ৫১ নেতাকর্মী সমাবেশে যোগ দিতে এলে তাদের ভোরের দিকে আটক করা হয়। এ ছাড়া ধনবাড়ি উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, প্রবাসীবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ আটজনকে গতকাল রাতে পল্টন এলাকা থেকে আটক করা হয়েছে।

গত ১৫ ঘণ্টায় মোট ২১৬ জন নেতাকর্মীকে আটক করার তথ্য তার কাছে আছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।

তবে সংখ্যা নিয়ে দ্বিমত পোষণ করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। তবে কতজনকে আটক করেছেন, সে হিসাব তারা এখনো করেননি বলে জানান।

ডিবি মতিঝিল বিভাগের উপকমিশনার মো. রাজীব আল মাসুদ বলেন, রাজধানীর বিভিন্ন হোটেলে অবস্থান করে ষড়যন্ত্রের পাঁয়তারার অভিযোগে রাজধানীর বিভিন্ন হোটেলে অভিযান চালানো হয়। এসময় কয়েক জনকে আটক করেছে ডিবি পুলিশ। গণনা শেষে আটক ব্যক্তির সংখ্যা বলা যাবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আটকের সংখ্যা ১৫-২০ জনের মতো হতে পারে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: