ক্রিকেট তারকাদের মতো শোবিজের তারকারাও ঝড় তোলেন খেলার মাঠে। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ে ক্রিকেটের মাঠ কাঁপান তারকারা। প্রতিবছরের মতো এবারও শুরু হতে যাচ্ছে শোবিজ তারকাদের নিয়ে জমজমাট ক্রিকেট লিগের আসর 'সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)'। আর এতে অংশ নেবেন জনপ্রিয় শোবিজ তারকারা।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিসিএল। আট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
জানা গেছে, প্রতি দলে ১০-১৫ জন শোবিজ তারকা থাকবেন। আটটি দলের নেতৃত্ব দেবেন দেশের জনপ্রিয় আটজন নির্মাতা। তারা হলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। প্রতি দলে পুরুষ তারকাদের পাশাপাশি অংশ নেবেন নারী তারকারাও।
নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের দলে খেলবেন শ্যামল মাওলা ও মৌসুমী হামিদ।
সালাহউদ্দিন লাভলুর দলে খেলবেন শাহনাজ খুশী, চঞ্চল চৌধুরী, বাপ্পী চৌধুরী, সৌম্য জ্যোতি, নিলয় আলমগীর, দিব্য জ্যোতি, নির্মাতা তুহিন হোসেনসহ অনেকে।
শিহাব শাহীনের দলে খেলবেন আরিফিন শুভ, মিথিলা, সাফা কবির।
চয়নিকা চৌধুরীর দলে পরীমণি ও তমা মির্জা।
দীপংকর দীপনের দলে এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও জিয়াউর রোশান।
রায়হান রাফীর দলে আফরান নিশো ও সিয়াম আহমেদ এবং মোস্তফা কামাল রাজের দলে শরিফুল রাজ ও মেহজাবীন।
তারকাদের এই ক্রিকেট লিগ নিয়ে উচ্ছ্বসিত হয়ে সালাহউদ্দিন লাভলু বলেন, বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে। এটি আমাদের জন্য আনন্দের। আশা করছি, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে। ক্রিকেট টিমকে উজ্জীবিত করতে আমাদের এই প্রয়াস।
ক্রিকেটারদের মানসিক সাপোর্ট দেওয়া খুবই জরুরি। সেই বোধের জায়গা থেকেই আমরা একত্র হয়েছি। এখানে জয়-পরাজয় কোনো ব্যাপার নয়। অংশগ্রহণই বড় ব্যাপার। আশা করছি, শিল্পীদের তরফ থেকে সুন্দর একটি ক্রিকেট খেলা আমরা উপহার দিতে পারব দর্শকদের।
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, আসলে ক্রিকেট খেলার চেয়ে বড় হচ্ছে উৎসাহ। আমরা সবাই একসঙ্গে কয়েকটি দিন ব্যাট-বলের খেলা উদযাপন করব। হার-জিত এখানে মুখ্য নয়। ক্রিকেট নিয়ে আমাদের উন্মাদনাই এখানে আসল।
চয়নিকা চৌধুরী বলেন, এমন একটি আয়োজনে নিজের দল নিয়ে মাঠে নামতে পারাটা সত্যিই অনেক ভালো লাগা কাজ করবে। আটটি দলে হবে এই ক্রিকেট ম্যাচ। প্রতিটি দলেই খেলবেন পছন্দের তারকারা। আশা করি, পুরো তিন দিনের এই ম্যাচ সবার কাছেই উৎসবের মতো হবে।
এ ছাড়া চিত্রনায়ক সাইমন সাদিক, স্পর্শিয়া, তানজিন তিশা ও জাহারা মিতুর মতো তারকারাও খেলতে পারেন বলে জানা গেছে। সেই সঙ্গে লাখ টাকারও বেশি পুরস্কারের পাশাপাশি ট্রফি রয়েছে বিজয়ী দলের জন্য।
Credit-Rtv News

0 coment rios: