ভারতের ইংরেজি নাম ইন্ডিয়া বদলে ফেলছে নরেন্দ্র মোদি সরকার। বিষয়টি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গন বেশ গরম। এরমধ্যে সামাজিক প্লাটফর্ম এক্স (সাবেক টুইটার) এ বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের পোস্ট ঘরে তোলপাড় শুরু হয়েছে।
এক্স পোস্টে বিগ বি লিখেছেন, 'ভারতমাতা কি জয়'।
কোন উপলক্ষ ছাড়াই তার এমন 'দেশভক্তিমূলক' পোস্ট ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্তর্জালে অনেকের অভিযোগ, রাজনৈতিক উৎসাহ থেকে এবং বিজেপির সুরে সুর মিলিয়ে এই পোস্ট করেছেন তিনি।
মোদি সরকারের দেশের ইংরেজি নাম বদলানোর এই তোড়জোড়ের কঠোর নিন্দা জানিয়েছে বিরোধীরা। সম্প্রতি, রাইসিনা হিলের পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে জি-২০ সম্মেলন উপলক্ষে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, সেখানে ইংরেজিতে 'প্রেসিডেন্ট অব ইন্ডিয়া'র বদলে লেখা হয়েছে 'প্রেসিডেন্ট অব ভারত'। যা নিয়ে ব্যাপক আপত্তি তুলেছে দেশটির লোকসভার বিরোধী দল কংগ্রেস।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স-এ লিখেছেন, সংবিধানের ২ নং অনুচ্ছেদে পরিস্কারভাবে বলা রয়েছে, ভারত অর্থাৎ ইন্ডিয়া, রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত হবে। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের ওপরই আঘাত হানা হচ্ছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আজ তারা (কেন্দ্রীয় বিজেপি সরকার) দেশের নাম বদলে দিচ্ছে'।
তবে এর জবাবও এসেছে বিজেপির পক্ষ থেকে। দলটির সভাপতি জেপি নাড্ডা প্রশ্ন তুলেছেন, আপনারা ভারত জোড়ো যাত্রা করতে পারেন। দেশের নামে রাজনীতি করতে পারেন। তাহলে ভারত শব্দ নিয়ে এত আপত্তি কেন?
ভারতের নাম নিয়ে রাজনৈতিক এই ডামাডোলের মধ্যে এলো বলিউড শাহেন শাহের পোস্ট। পোস্টটি এএনআই-এর মতো সংস্থাও শেয়ার করেছে।
নেটিজেনদের কেউ কেউ বিগ বির এই আচমকা দেশভক্তি পছন্দ করেননি। আবার অনেকে তাকে সমর্থনও করেছেন।
Credit-Somoy News

0 coment rios: