পাকিস্তানে সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত নয় সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, আফগানিস্তানের সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে একটি মোটরসাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়'। দুর্গম এই সীমান্ত এলাকাটি দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার আস্তানা হিসেবে পরিচিত।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।
প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বার্তা সংস্থা এএফপি বলেছেন, 'আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল আরোহী ছিল এবং সে তার বাইকটি একটি সামরিক কনভয়ের মধ্যে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা দেয়।'
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকাটি মূলত আফগানিস্তানের সীমান্তবর্তী। সশস্ত্র যোদ্ধা এবং সরকারের মধ্যে আলোচনা ভেঙ্গে যাওয়ার পর গত বছর থেকে এলাকাটি সশস্ত্র হামলা বেড়েছে।
গত মাসে উত্তর-পশ্চিমাঞ্চলে একটি রাজনৈতিক সমাবেশে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

0 coment rios: