নিত্যপ্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না এমনটি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলে থাকলে, তাকে ধরবেন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইউএস-বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রধানমন্ত্রী কী বুঝে সিন্ডিকেট ইস্যুতে বলেছেন তা তিনি জানেন না।
তিনি বলেন, মঙ্গলবার সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দুই ঘণ্টা ছিলাম। আমেরিকান চেম্বার্সের প্রতিনিধিরাও ছিলেন। কিন্তু এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়নি। তিনি জিজ্ঞেসও করেননি।
বাজারে সিন্ডিকেট আছে, তা ভাঙা হবে, এমন ধরনের কথা কখনো না বলার কথা উল্লেখ করে টিপু মুনশি বলেন, আমি বলেছি, মাঝে মধ্যে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় কী? ভোক্তা অধিকারসহ নানা সংস্থা কাজ করছে। কিন্তু জনবল কম। এটি নিয়ে নানা সময়ে কথা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গণভবনে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি দেখব এটা, কে কত বড় সিন্ডিকেট। আর বাণিজ্যমন্ত্রীকেও আমি ধরতেছি।

0 coment rios: