অবশেষে দেশে জ্বালানি তেলের দাম কমছে। ডিজেল, পেট্রল ও অকটেনের মূল্য লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। সোমবার (২৯ আগস্ট) রাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি বিভাগ।
নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০৯ টাকা, অকটেন ১৩০ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং কেরোসিন ১০৯ টাকা হয়েছে।
এর আগে রবিবার (২৮ আগস্ট) ডিজেলের ওপর থেকে সব ধরনের আগাম কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। এরপর থেকেই জ্বালানি তেলের দাম কমানোর বিষয় আলোচনায়।
এছাড়া সোমবার (২৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছিলেন, জ্বালানি তেলের ওপর আমদানি শুল্ক কমানোর পরিপ্রেক্ষিতে মূল্য সমন্বয় করা হতে পারে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়। সেদিন প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়। তার আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রলের দাম ছিল এক লিটার ৮৬ টাকা।
এক লাফে ডিজেলে ৪২ শতাংশ দাম বেড়ে যাওয়ায় পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন খরচ বেড়েছে। বেড়েছে কৃষি খাতের সেচ বাবদ খরচও। এতে সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পরিবহন, কৃষি ও শিল্পসহ সবক্ষেত্রে ব্যয় বেড়েছে। যার প্রভাব পড়েছে জনজীবনে।

0 coment rios: