Wednesday, July 20, 2022

শিক্ষার্থীদের অন্দোলনে ট্রেন ছাড়ল সাড়ে তিন ঘণ্টা পর

 

রেলের টিকেটে কালোবাজারির অভিযোগ এনে শিক্ষার্থীদের আন্দোলনে প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকলেও এ সময়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল করেছে।

আজ বুধবার কমলাপুর রেল স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মাসুদ সারওয়ার এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
মাসুদ সারওয়ার জানান, আন্দোলনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়লে শিডিউল বিপর্যয় ঘটে। পরে ট্রেনগুলো দুপুর পৌনে ১টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যের দিকে একে একে ছেড়ে যেতে শুরু করে।
বিমানবন্দর রেল স্টেশন সূত্র জানিয়েছে, দুপুর পৌনে ১টায় স্টেশন কর্তৃপক্ষের আশ্বাসে রেললাইন ছেড়ে বিমানবন্দরের তিন নম্বর কাউন্টারে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপরই ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে সাধারণ যাত্রীরাও ট্রেন থেকে নেমে বিক্ষোভে সামিল হন। এতে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ ছাড়া আর কোনো অঞ্চলের ট্রেন ছেড়ে যেতে পারেনি। ফলে, সকাল থেকে ২৫টিরও বেশি ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়ে।
এর আগে বুধবার সকাল আটটায় রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনের টিকিট কিনতে বিমানবন্দর স্টেশনের কাউন্টারে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাঁদের মাত্র চারটি টিকিট দেওয়া হয়। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বুকিং সহকারীদের বাকবিতণ্ডা হয়। এরপরই নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের গতিরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোনো গন্তব্যে ট্রেন ছেড়ে যেতে পারেনি।

সূত্র জানিয়েছে, বিমানবন্দরের তিন নম্বর কাউন্টারে অবস্থান নেওয়ার পর সেখান থেকে শিক্ষার্থীদের আগামী ২৫ জুলাইয়ে সিল্ক সিটির টিকিট দেওয়া হচ্ছে। ওইদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষা হবে। এখন বিমানবন্দর স্টেশন এলাকা দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। কমলাপুর স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো একে একে ছেড়ে যাচ্ছে।
স্টেশন সূত্র জানায়, ছাত্রদের জন্য সিল্ক সিটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে, এই ট্রেন দিয়ে আগামী ২৫ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: