বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী টেলিভিশন উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়াকে। গত ৪ জুলাই তারা যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে জানা গেছে।
সোমবার (১৮ জুলাই) এই নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন বাংলাদেশী সুরকার ও সঙ্গীতশিল্পী তানভীর তারেক।
টুটুল ও সোনিয়ার একসাথে একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'অভিনন্দন নববিবাহিত যুগলকে ..শুভ কামনা রইল-এস আই টুটুল-শারমিন সিরাজ সোনিয়া দম্পতির প্রতি ভালবাসা...ভাল থাকো তোমরা..সুখে কাটুক একটা জীবন..।'
নিজের প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সাথে বিচ্ছেদের কথা জানিয়ে এস আই টুটুল গণমাধ্যমকে বলেন, 'আমি, তানিয়া আলাদা ছিলাম পাঁচ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। এরপর থেকে নিউইয়র্কে কনসার্টসহ নানা কাজে আমার যাতায়াত। সেখানে আরটিভির রিয়েলিটি শো বাংলার গায়েন থেকেই সোনিয়ার সঙ্গে আমার পরিচয়। আমরা দুইজনই যেহেতু সিঙ্গেল এবং ম্যাচিউর-তাই আমরা বিয়ের সিদ্ধান্ত নেই।'
টুটুলকে বিয়ে প্রসঙ্গে সোনিয়া বলেন, 'আমি ১২ বছর ধরে সিঙ্গেল। টুটুলের সঙ্গে পরিচয় মূলত আরটিভির একটি রিয়েলিটিতে কাজ করতে গিয়ে। আমি নিজেও জীবনসঙ্গী খুঁজছিলাম। তাই টুটুল যখন বললো, আমার সঙ্গে বাকি জীবন থাকতে পারবে? তখন আমি তুমি থেকে আমরা হওয়া। মুসলিম রীতিতে আমাদের আকদ হয়েছে শুধু। খুব জলদিই এখানে (আমেরিকা) ও বাংলাদেশে বন্ধু বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'
শারমিনা সিরাজ সোনিয়া বাংলাদেশের একাধিক মিডিয়ায় উপস্থাপক হিসেবে কাজ করেছেন। এরপর স্থায়ীভাবে আমেরিকা যাওয়ার পর সেখানে উপস্থাপনার পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এস আই টুটুল। ২৩ বছরের সংসারজীবনের পর গত বছর তাদের বিবাহবিচ্ছেদ হয়।

0 coment rios: