Showing posts with label আর্ন্তজাতিক. Show all posts
Showing posts with label আর্ন্তজাতিক. Show all posts

Wednesday, January 10, 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার ইইউ’র বিবৃতি

বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার ইইউ’র বিবৃতি

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব বড় দল অংশ না নেয়া হতাশাজনক বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে অনিয়ম ও সহিংসতার পূর্ণ তদন্ত দাবি করেছে সংস্থাটি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনী সহিংসতার পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়েছে। বিবৃতিতে ইইউর পক্ষে ইউরোপের ২৭ দেশের এই জোটের উচ্চপদস্থ প্রতিনিধি জোসেপ বোরেল বলেন, এবারের নির্বাচনে মোট ২৭টি দল অংশগ্রহণ করে। তবে ছিলো না বিএনপির মতো বৃহৎ দলগুলো। এতে হতাশা প্রকাশ করেছে ইইউ। ইইউ-বাংলাদেশের অংশীদারিত্ব গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ করেছে।

নির্বাচনে অনিয়মের যেসব খবর এসেছে, সেগুলোর সময়োচিত ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জোসেফ বোরেল।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রবিবার (৭ জানুয়ারি) বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ফলাফল লক্ষ করেছে। একই সঙ্গে ইইউ-বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব যে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত, সে বিষয় পুনর্ব্যক্ত করেছে।

জোসেপ বোরেল বিবৃতিতে বলেন, ইইউ নির্বাচনবিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলো প্রকাশ করার জন্য কর্তৃপক্ষগুলোর মধ্যে হওয়া চুক্তিকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন। স্বচ্ছতা ও জবাবদিহির একই চেতনায়, আমরা নির্বাচনে অনিয়মের যেসব খবর এসেছে, সেগুলোর সময়োচিত ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয় , ইইউ নির্বাচনকালে সংঘটিত সহিংসতার নিন্দা জানায় এবং নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছে। এই সময়কাল এবং এর পরবর্তী সময়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা রাখাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে, বিরোধী নেতা-কর্মীদের আটক অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণ সংলাপে যুক্ত হওয়ার জন্য সব অংশীজনকে জোরালোভাবে উৎসাহিত করছে ইইউ। গণমাধ্যম, নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের সেন্সরশিপ বা প্রতিশোধের ভয় ছাড়াই কাজ চালিয়ে যেতে পারার পরিবেশ থাকাটাও জরুরি।

বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় হতাশ কানাডা

বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় হতাশ কানাডা

বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করে বিবৃতি দিয়েছে কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। নিন্দা জানিয়েছে নির্বাচনের আগে ও পরে সহিংসতায়।

কানাডার স্থানীয় সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রকাশিত বিবৃতিতে হতাশা প্রকাশ করে বলা হয়েছে, এই নির্বাচনী প্রক্রিয়া বাংলাদেশ গণতন্ত্র ও স্বাধীনতার মূল নীতি থেকে ছিটকে পড়েছে। বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যেতে সবপক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংবাদপত্রের স্বাধীনতা, একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।

এছাড়া, বিবৃতিতে বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে নির্বাচনের আগে ও পরে ঘটে যাওয়া ভয়ভীতি ও সহিংসতার নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়েছে কানাডা।

মুমূর্ষু গণতন্ত্রের দেশে একপক্ষীয় নির্বাচন : নিউইয়র্ক টাইমস্

মুমূর্ষু গণতন্ত্রের দেশে একপক্ষীয় নির্বাচন : নিউইয়র্ক টাইমস্

অন্যায্যতার অভিযোগে বাংলাদেশে বিদ্যমান বিপর্যস্ত বিরোধী পক্ষ নির্বাচন বর্জন করেছে। এ অবস্থায় ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসতে যাচ্ছেন বলেই মনে করা হচ্ছে। তবে এতে দেশটিতে গণতন্ত্রের কতোটুকু অবশিষ্ট থাকবে, তা-ই এখন বড় প্রশ্ন। শুক্রবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস্ প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়। ভারতের নয়াদিল্লি ও ঢাকা অফিসের বরাতে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ওই প্রতিবেদনটি প্রকাশ করলো গণমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়- দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক পক্ষ-বিএনপিকে এরইমধ্যে এতোটা চূর্ণবিচূর্ণ করা হয়েছে যে, তাদের গতিশীল হওয়ার সক্ষমতা খুবই কম রয়েছে। দলটির যেসব নেতা এখনো জেলের বাইরে আছেন তারা আদালতে শত শত মামলার হাজিরায় জর্জরিত। অন্যদিকে যারা বাইরে আছেন তারা গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন।

২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ একপক্ষীয় প্রতিযোগিতার পথ বেছে নিয়েছে। নির্বাচনে দলটি নিজেদেরই ডামি প্রার্থী দাড় করিয়েছে, যাতে বাহ্যিকভাবে মনে হয়-বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়নি।

অন্যদিকে অনেক আগে থেকেই প্রধানমন্ত্রীর পদত্যাগ ও একটি নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি করে আসছে বিএনপি। কিন্তু তাদের সেই দাবি প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। ফলে বিএনপি নির্বাচন বর্জন করেছে।

যখন মনে করা হচ্ছিলো যে- দেশটি হত্যা আর অভ্যুত্থানের ইতিহাসকে পেছনে ফেলে একটি অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগোচ্ছে ঠিক তখনই এই প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন অগ্রগতির প্রধান অন্তরায় হয়ে দেখা দিয়েছে। এমতাবস্থায় ১৭ কোটি মানুষের এই দেশটি গত কয়েক দশক ধরে প্রধান দুই দলের মধ্যকার পুরনো বিবাদের কাছে জিম্মি হয়ে পড়েছে।

সরকারবিরোধী পক্ষ বার বার দেশজুড়ে ধর্মঘট, অবরোধ ও গণঅসহযোগ আহ্বান করেছে। জবাবে তাদের উপর কড়া দমনপীড়ন চালানো হয়েছে। দলীয় আইনজীবীদের তথ্যমতে, ২৮ অক্টোবর মহাসমাবেশের পর বিএনপির কমপক্ষে ২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কারাগারগুলো উপচে পড়ছে।

মানবাধিকার বিষয়ক সংগঠন ও স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২৮শে অক্টোবর থেকে জেলে নিহত হয়েছেন বিরোধী দলের কমপক্ষে ৯ জন নেতা-কর্মী। নির্বাচনের প্রাক্কালে বিএনপি আরও একটি হরতাল আহ্বান করেছে দেশজুড়ে। এর প্রেক্ষিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকা ও অন্য অঞ্চলগুলোতে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের।

এরইমধ্যে শুক্রবার (৫ জানুয়ারি) গভীর রাতে ঢাকায় একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিরাপত্তা কর্মকর্তারা ও ক্ষমতাসীন দলের সদস্যরা প্রত্যক্ষভাবে বিএনপি-কে দোষারোপ করায় উত্তেজনা আরও বাড়লো বলেই মনে হচ্ছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া বিষয়ক পরিচালক পিয়েরে প্রকাশ বলেছেন, নির্বাচনের পর উভয়পক্ষের মধ্যে সহিংসতা বৃদ্ধির ঝুঁকি আছে। যদি বিএনপি ব্যাপক সহিংসতা শুরু করে তাহলে তারা একটি ফাঁদে পা দেবে।

বাংলাদেশ সরকারের সমালোচকরা বলছেন, ৭৬ বছর বয়সি শেখ হাসিনা দেশটিকে একদলীয় রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন। নিরাপত্তা বিষয়ক এজেন্সি থেকে শুরু করে আদালত, সরকারি প্রতিষ্ঠানগুলোকে তিনি নিয়ন্ত্রণে নিয়েছেন। যারা তার পথকে সমর্থন করেন না ওইসব ব্যক্তির বিরুদ্ধে এসব কাঠামোকে ব্যবহার করছেন তিনি ।

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের জেল দেওয়া ছিলো যার সর্বশেষ উদাহরণ। একে ড. ইউনূস রাজনৈতিক প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন। মামলার রায়ে তিনি হতাশা প্রকাশ করেছেন। জামিনে মুক্ত আছেন তিনি। যদিও সরকারি কর্মকর্তারা বলছেন, এ মামলা রাজনৈতিক নয় এবং এটা শ্রম আইন লঙ্ঘনের মামলা।

২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনার দল পার্লামেন্টের কমপক্ষে অর্ধেক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। এবার তা এড়াতে আওয়ামী লীগ ছোট ছোট দলগুলোকে সঙ্গে নিয়েছে। তারা এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু সমালোচকরা বলছেন, দলটি একটি নতুন 'টোকেন' বিরোধী দল সাজিয়েছে। তাদের অনেকে নির্বাচনী পোস্টারে এটা পরিষ্কার করেছেন তাদের অবস্থান কী: 'আওয়ামী লীগ সমর্থিত'।

বিএনপির নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গৃহবন্দি। তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে নির্বাসিত। দলটির বেশির ভাগ নেতাই এখন জেলে। এ অবস্থায় রবিবারের ভোটকে সামনে রেখে দলটি প্রয় দৃষ্টির বাইরে। ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন চালিয়ে যাচ্ছেন সিনিয়র যুগ্ম

Wednesday, January 3, 2024

বছরে ২৫০০ কোটি রুপি আয় করে রেকর্ড!

বছরে ২৫০০ কোটি রুপি আয় করে রেকর্ড!

বছরটি নিঃসন্দেহে সেরা বলিউড বাদশার। এক বছরে তিনটি সিনেমা, ভাবা যায়? সবগুলো সুপারহিটের তকমায়। সেই ভোর থেকে রাত পর্যন্ত সিনেমাহলে উপচেপড়া ভিড় শাহরুখভক্তদের। সবাইকে তাক লাগিয়ে রেকর্ড করলেন কিং খান।

ভারতের ইতিহাসে তিনিই একমাত্র অভিনেতা যিনি বছরের ২৫০০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছেন। তিনি গত বছর জানুয়ারিতে 'পাঠান' দিয়ে একটি দুর্দান্ত প্রত্যাবর্তন করেন।

তারপর মুখোশ পরে হাজির হন 'জওয়ান' নিয়ে। এরপর আরেক রেকর্ড এই প্রথম রাজকুমার হিরানির সঙ্গে কাজ করে 'ডাঙ্কি' দিয়ে বছরটা শেষ করলেন দর্শকের ভালোবাসায়।

বছরজুড়ে একে একে মুক্তি পাওয়া ছবিগুলো সম্মিলিতভাবে যা আয় করেছে তা আর কেউ আগে করেননি। বানিজ্য বিশ্লেষক রমেশ বালা সামাজিক মাধ্যমে লিখেছেন, শাহরুখ খান প্রথম ভারতীয় অভিনেতা যিনি এক বছরে তার চলচ্চিত্রগুলোর মাধ্যমে ২৫০০ কোটি রুপি আয় করেছেন।

তিনি আরও লিখেছেন, 'তিনিই একমাত্র একজন ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রথম অভিনেতা যিনি এক বছরে এতো পরিমানে রাজস্ব প্রদান করেছেন।' এই পোস্টের পর মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, তিনি ভারতীয় সিনেমার রাজা।

আরেকজন লিখেছেন, 'বলিউডের সবচেয়ে বিশ্বস্ত অভিনেতা এসআরকে।'

এদিকে, তার সিনেমা সম্পর্কে বলতে গেলে, 'পাঠান' এবং 'জওয়ান' তাকে পুরোপুর অ্যাকশন ধাঁচের। অন্যদিকে রাজকুমার হিরানির পরিচালনায় 'ডাঙ্কি' একটি সাবলীল আবেগের সিনেমা।

প্রীতি ম্যাচ খেলতে ভারত সফরে আসছে আর্জেন্টিনা!

প্রীতি ম্যাচ খেলতে ভারত সফরে আসছে আর্জেন্টিনা!

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছরের জুনেই বাংলাদেশ ও ভারতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার। অবশ্য নানা প্রতিবন্ধকতায় শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে কেরালা সরকারের আমন্ত্রণে চলতি বছরে জুলাইয়ে ভারতে প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে আলবিসেলেস্তেরা।

কেরালার গণমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যম 'স্পোর্টসকিডা'।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, কেরালা সরকারের আমন্ত্রণে জুলাইয়ে রাজ্যটিতে প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এ বিষয়ে আলোচনা এগিয়ে নিতে দুই পক্ষের মধ্যে সাক্ষাতের প্রত্যাশা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, প্রীতি ম্যাচটি ভারতের বিপক্ষে খেলবে মেসিরা। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।

সবশেষ ২০১১ সালে ভারতের মাটিতে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল মেসিরা। একই বছর বাংলাদেশের মাটিতেও নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আলবিসেলেস্তেরা। সে ম্যাচে তারা জয় পেয়েছিল ৩-১ ব্যবধানে।

এর আগে গত বছরের জুনে ফিফা উইন্ডোতে বাংলাদেশ ও ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসার কথা ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু ভেন্যু জটিলতায় মেসিদের শেষ পর্যন্ত বাংলাদেশে আনতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অন্যদিকে আর্থিক জটিলতায় ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ায় ভারতের ফুটবল ফেডারেশন।

ইরানে সোলাইমানির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭০

ইরানে সোলাইমানির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭০

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, ইরানের স্থানীয় একটি কবরস্থানের কাছে সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বহু ইরানি জড়ো হয়েছিলেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স বলছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে অনুষ্ঠান চলাকালীন প্রথম ও পরে দ্বিতীয় বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন।

আধা-সরকারি নুরনিউজ জানিয়েছে,

কবরস্থানের দিকে যাওয়ার রাস্তায় বেশ কয়েকটি গ্যাসের ক্যানিস্টার বিস্ফোরিত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি এখনও পরিষ্কার নয় যে বিস্ফোরণটি গ্যাস সিলিন্ডার নাকি সন্ত্রাসী হামলার কারণে হয়েছে।

টিভি ফুটেজে দেখা গেছে, আহত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন রেড ক্রিসেন্টের কর্মীরা। ইরানের কিছু সংবাদ সংস্থা জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১৭০ জন আহত হয়েছেন।

কেরমান প্রদেশের রেড ক্রিসেন্টের প্রধান রেজা ফাল্লা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, আমাদের উদ্ধারকারী দলগুলো আহতদের সরিয়ে নিচ্ছে... তবে ভিড়ের কারণে সেখানে রাস্তা বন্ধ হয়ে গেছে।

এদিকে, এ ব্যাপারে এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Monday, January 1, 2024

নতুন বছরের ভাষণে সিংহাসন ছাড়ার ঘোষণা দিলেন ডেনমার্কের রানি

নতুন বছরের ভাষণে সিংহাসন ছাড়ার ঘোষণা দিলেন ডেনমার্কের রানি

টেলিভিশনে নতুন বছর শুরুর ভাষণ দিতে গিয়ে সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে। আগামী ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিংহাসন ত্যাগ করবেন বলে জানান তিনি। এদিন তার সিংহাসনে আরোহণের ৫২ বছর পূর্ণ হবে। তার স্থলাভিষিক্ত হবেন তার বড় ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডিরিক। ইউরো তিনি সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা রানি।

৮৩ বছর বয়সি রানি দ্বিতীয় মার্গ্রেথে ১৯৭২ সালে সিংহাসনে আরোহণ করেছিলেন। রবিবার (৩১ ডিসেম্বর) নববর্ষের আগে নিজের ঐতিহ্যবাহী বক্তৃতার সময় লাইভ টিভিতে অপ্রত্যাশিতভাবে এই ঘোষণা দেন তিনি। নববর্ষ উপলক্ষ্যে দেওয়া রানির এই ভাষণ প্রতিবছরই ডেনমার্কের বহু মানুষ প্রত্যক্ষ করে।

ভাষণে তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে তার পিঠে একটি সফল অপারেশন হয়। এর পরই তিনি ভবিষ্যতের বিষয়ে চিন্তিত হয়ে পড়েন। এজন্য পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার চিন্তা করছেন। তিনি বলেন, আগামী ১৪ জানুয়ারি আমি আমার প্রিয় বাবার স্থলাভিষিক্ত হওয়ার ৫২ বছর পর, আমি ডেনমার্কের রানি হিসেবে পদত্যাগ করব। আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে সিংহাসন ছেড়ে দিচ্ছি।

২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হয়ে যান। আর গত বছরের জুলাই মাসে তিনি ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হন।

এদিকে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের জন্য দ্বিতীয় রানি মার্গ্রেথেকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তিনি বলেন, 'রানি মার্গ্রেথে ডেনমার্কের মূর্ত প্রতীক।

Credit: Bangla Vision News

Tuesday, December 26, 2023

অপ্রয়োজনীয় মেইল ঠেকাতে জিমেইলে নতুন সুবিধা

অপ্রয়োজনীয় মেইল ঠেকাতে জিমেইলে নতুন সুবিধা

ব্যবহারকারীদের বিভিন্ন প্রয়োজনে, কোনও প্রতিষ্ঠানের সেবা নেওয়ার জন্য তাদের ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হয়। এতে সেসব প্রতিষ্ঠানের পণ্য বা সেবার বিভিন্ন প্রচারণামূলক মেইল এসে জমা হতে থাকে। ফলে ইনবক্সে বিভিন্ন অপ্রয়োজনীয় মেইল জমা হয়। ফলে প্রয়োজনীয় মেইল পেতে সমস্যা হয়। এই সমস্যা থেকে বাঁচতে গুগল তার জিমেইল অ্যাপে 'আনসাবস্ক্রাইব' বাটন যুক্ত করেছে।

সাধারণত কোনও মেইল আনসাবস্ক্রাইব করতে হলে ই-মেইল ওপেন করার পর নিচের দিকে থাকা "আনসাবস্ক্রাইব" লিংকে ক্লিক করতে হয়। কিন্তু নতুন এই সুবিধা চালু হলে ই-মেইলের উপরেই 'আনসাবস্ক্রাইব' বাটন দেখা যাবে। সেই বাটনে ক্লিক করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেক ব্যবহারকারীর নিবন্ধিত ই-মেইলটি বাতিল হয়ে যাবে। ফলে এর পর থেকে ব্যবহারকারীর ইনবক্সে সেই প্রতিষ্ঠানের কোনও মেইল আর আসবে না।

তবে নতুন এই সুবিধাটি আপাতত শুধু আইওএস অ্যাপে যুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুবিধাটি এখনও চালু করেনি গুগল। কবে নাগাদ চালু সেই তথ্যও এখন পর্যন্ত জানা যায়নি।

একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘হুব্বা’

একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘হুব্বা’

দুই যুগের ক্যারিয়ার। অথচ মোটে এক ডজন সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম। ফলে বড় পর্দায় তার অভিনয়ের জাদু দেখার সুযোগ দর্শকের কমই জোটে। সর্বশেষ গেলো ২০২২ সালের মার্চে মুক্তি পায় তার সিনেমা 'মুখোশ'। যেখানে বরাবরের মতোই অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেতা।

এদিকে নতুন বছরের শুরুতেই নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম। তবে সেটা দেশের নয়, টলিউড তথা কলকাতার। সেখানকার গুণী নির্মাতা ও অভিনেতা ব্রাত্য বসুর নির্মাণে 'হুব্বা' ছবিতে অভিনয় করেছেন মোশাররফ। আগামী ১৯ জানুয়ারি এটি মুক্তি পাচ্ছে ভারতে।

সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। যেটা দেখে উচ্ছ্বাস আর মুগ্ধতা খেলছে দর্শকের মনে। বাংলাদেশি দর্শকও বিপুল আগ্রহ প্রকাশ করছেন ছবিটি দেখার জন্য। সেই আগ্রহের মাত্রা টের পেয়ে এগিয়ে গেলো প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বাংলাদেশে 'হুব্বা' মুক্তির উদ্যোগ নিয়েছে তারা।

সোমবার (২৫ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন জাজ কর্ণধার আব্দুল আজিজ। তিনি বললেন, "হুব্বা' সিনেমায় হুব্বা মানে মোশাররফ করিম একজন গ্যাংস্টার থাকেন। সিনেমাটিতে হুব্বার জীবনের উত্থান-পতন ও অন্ধকার দিক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক ব্রাত্য বসু। এর ট্রেলার অনলাইনে দেখে আমাদের মনে হলো, মোশাররফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখার সুযোগ থাকা উচিত। সে আলোকে জাজ 'হুব্বা' বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে।"

আজিজ জানান, তাদের নিজস্ব ছবির মতো বড় পরিসরেই 'হুব্বা' মুক্তি দেবেন। সব কিছু ঠিক থাকলে আগামী ১৯ জানুয়ারি ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে উঠবে ছবিটি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে 'হুব্বা'। 'হুগলির দাউদ ইব্রাহিম' নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করলেন।

এই ছবিতে পুলিশের ভূমিকায় আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস।

Friday, November 10, 2023

ইসরায়েলী বাহিনীর বাধার মুখে জেরুজালেমের রাস্তায় জুমার নাময পড়লো মুসলমানরা

ইসরায়েলী বাহিনীর বাধার মুখে জেরুজালেমের রাস্তায় জুমার নাময পড়লো মুসলমানরা

চিত্রে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কিন্তু নামাজে দাঁড়াতে বাধা দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চিত্রটি দখলদার ইসরায়েলিদের কবলে থাকা পবিত্র শহর জেরুজালেমের। নিরাপত্তা বাহিনীর বাধায় মুসলমানরা তাদের সাবেক কিবলা মসজিদুল আকসায় প্রবেশ করতে না পেরে এভাবে রাস্তায় আদায় করেন জুমার নামাজ। তাতেও বাধায় দেয় ইসরায়েলি বাহিনী।

প্রতি শুক্রবার পবিত্র জুমু আর দিন বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে জড়ো হয়ে জুমারা নামাজ আদায় করেন। স্বভাবিকভাবেই জেরুজালেমের মুসলমানরা নামাজ আদায় করতে যাওয়ার কথা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদ আল আকসায়। কিন্তু এদিন সকাল থেকেই আল আকসামুখী সব সড়কে যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরি করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনি ইসলামপন্থী দল হামাসের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে মুসলমানরা জেরুজালেমের আল আকসায় প্রার্থনা করার জন্য জড়ো হবে বলে শঙ্কা রয়েছে দখলদার ইসরায়েল সরকারের। তাই শুক্রবার নামাজের আগে ইসরায়েলি বাহিনী পূর্ব জেরুজালেমের রাস্তায় নিরাপত্তা জোরদার করে এবং মুসলমানদের যাতায়াতে বাধা তৈরি করেছে। ফলে বাধার মুখে রাস্তায়ই নামাজ আদায় করেন মুসলমানরা।

এর আগে চলমান যুদ্ধের মধ্যে গত বুধবার সকালে আল আকসা মসজিদ চত্বরে আবারও অনুপ্রবেশ করে কয়েক ডজন ইসরায়েলি ইহুদি। এ সময় তাদের নিরাপত্তা দিয়ে অবৈধভাবে প্রবেশে সহযোগিতা করে ইসরায়েলি বাহিনী।

মুসলমানদের কাছে আল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসাবে পরিচিত হলেও দখলদার ইহুদিরা এটিকে নিজেদের টেম্পল মাউন্ট বলে দাবি করে আসছে।

Thursday, November 9, 2023

‘টাইগার থ্রি’তে নতুন চমক!

‘টাইগার থ্রি’তে নতুন চমক!

'টাইগার থ্রি'তে নতুন চমক দিলেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। এই সিনেমায় শাহরুখ খানের দেখা মিলবে বিষয়টি আগেই শোনা গিয়েছিল। তবে প্রযোজক আদিত্য চোপড়া যেন আরো একটি চমক জিইয়ে রেখেছিলেন।

'টাইগার থ্রি'তে দুই খানের পাশাপাশি দেখা মিলবে হৃতিক রোশনেরও। ছবিতে মাত্র ২ মিনিট ২২ সেকেন্ড স্ক্রিন টাইম পাচ্ছেন হৃতিক। যে দৃশ্য ধারণ করা হয়েছে একদম শুটিংয়ের শেষাংশে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৪ নভেম্বর হৃত্বিকের শুটিংয়ের অংশের কাজ শেষ হয়েছে। সিনেমায় তাকে দেখা যাবে 'ওয়ার' ছবির 'কবির' চরিত্র হিসেবে।

বলিউডের শীর্ষ এই তিন অভিনেতার এক ছবিতে অভিনয়ের খবর দর্শকদের মাঝেও উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। যেটার রেশ লেগেছে হৃতিকের শরীরেও।

সূত্র আরও জানিয়েছে, ছবির সেন্সর প্রক্রিয়া ২৭ অক্টোবর সম্পন্ন হয়েছে। বাড়তি এই দৃশ্যের জন্য আবারও সেন্সর পাশ করিয়ে নিতে হয়েছে যশ রাজ ফিল্মসের। ৬ নভেম্বর সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। ছবির রান টাইম এখন ২ ঘণ্টা ৩৬ মিনিট (আগে ছিল দুই ঘণ্টা ৩৩ মিনিট)।

এদিকে, 'টাইগার থ্রি'র একটি অ্যাকশন দৃশ্যের জন্য ৩৫ কোটি রুপি ব্যয় হয়েছে যে দৃশ্যে দেখা যাবে সালমানের সঙ্গে শাহরুখকে। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়ার ব্যয় করেছেন ৩৫ কোটি রুপি।

মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে দুর্ঘটনা

মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে দুর্ঘটনা

পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে  অবস্থিত আন্তর্জাতিক স্পেস স্টেশন। পৃথীবির বিভিন্ন দেশের সমন্বয়ে স্পেশ গবেষণার অংশ হিসাবে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশন।  

এই স্টেশনে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা চালান নভোচারীরা।  ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঘটে গেছে বড়সড় দুর্ঘটনা।

প্রতিবেদন বলছে, রাশিয়ান মডিউল ফুটো হয়ে গেছে। আর তা দিয়ে বেরিয়ে যাচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এখন প্রশ্ন উঠছে, এই বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে এল কী করে?

Monday, November 6, 2023

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহত বেড়ে প্রায় ১০ হাজার

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহত বেড়ে প্রায় ১০ হাজার

দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১০ হাজারে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় রোববার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭০ জনে। এর মধ্যে ৪ হাজার ৮০০ জনই শিশু ও ২ হাজার ৫৫০ জন নারী।

এ ছাড়া রোববার গাজায় ইসরায়েলি হামলা অন্তত ২৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত ১৫৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ২ হাজার ২০০ জন। সব মিলিয়ে গাজা ও পশ্চিম তীরে নিহতের মোট সংখ্যা ৯ হাজার ৯২৩ জন।

গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ জানান, ইসরায়েলি হামলায় গাজায় ৫৫টি মসজিদ, তিনটি বিশ্ববিদ্যালয়, তিনটি গির্জা এবং গাজার এনডোমেন্টস ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঁচটি ভবন ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ১০৫টি চিকিৎসা প্রতিষ্ঠান ছাড়াও ১৬টি হাসপাতাল, ৩২টি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র এবং ২৭টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার হাসপাতালগুলোতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীকে 'মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার' প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

Sunday, November 5, 2023

নির্বাচনের তারিখ ঘোষণা করল পাকিস্তান

নির্বাচনের তারিখ ঘোষণা করল পাকিস্তান

চলতি নভেম্বরেই পাকিস্তানে নির্বাচন হওয়ার কথা ছিল। সংবিধান অনুযায়ী নভেম্বরে নির্বাচন আয়োজনের কথা থাকলেও নানা কারণ দেখিয়ে কালক্ষেপণ করে আসছে নির্বাচন কমিশন। তবে এবার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করেছে। অবশেষে ৮ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচনের দিন ঘোষণা করা হলো।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়, দেশের রাষ্ট্রপতি আরিফ আলভি এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠকের পর বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এই সিদ্ধান্ত জানানো হয়।

গত ৯ আগস্ট শাহবাজ শরিফের পিএমএল (এন) জোট সরকার ক্ষমতা ছাড়লে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এরপর থেকে দেশ পরিচালনা করছে প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারের তত্ত্বাবধায়ক সরকার।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, সংসদ ভাঙার ৯০ দিনের ভেতর নির্বাচন আয়োজন করতে হবে। সে হিসেবে চলতি নভেম্বর মাসেই দেশের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল নির্বাচন কমিশনের। তবে কমিশন বলছে, সবশেষ জনশুমারি অনুযায়ী সংসদীয় এলাকা পুনর্বিন্যাস করে নির্বাচনে গেলে তাদের অন্তত চার মাস সময় লাগবে।

পাকিস্তানে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দায় রয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারের। এই ম্যান্ডেট নিয়েই গত আগস্টে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। তবে প্রধান বিরোধী নেতা ও পিটিআইপ্রধান ইমরান খানকে কারাগারে বন্দি রাখার পাশাপাশি দলটির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন অব্যাহত থাকায় আনোয়ার আদৌ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে।

মার্কিন নৌবাহিনীতে প্রথম নারী প্রধান

মার্কিন নৌবাহিনীতে প্রথম নারী প্রধান

মার্কিন সিনেট লিসাকে নৌ-বাহিনীর প্রধান করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। তিনিই আমেরিকার ইতিহাসে প্রথম নারী, যিনি জয়েন্ট চিফস অফ স্টাফ হিসাবে কাজ করবেন। তাকে চিফ অফ নেভাল স্টাফ করার জন্য সিনেটে ভোটাভুটি হয়। লিসার পক্ষে ৯৫টি ও বিপক্ষে একটি ভোট পড়ে।

প্রেসিডেন্ট জো বাইডেন গত জুলাই মাসে লিসাকে নৌ-বাহিনীর প্রধান করতে চেয়েছিলেন। কিন্তু তার ও সেনাবাহিনীর আরো বেশ কয়েকজনের পদোন্নতির বিষয়টি আটকে গিয়েছিল।

রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিলের আপত্তির জন্যই এতদিন তা থেমে ছিল। গর্ভপাতের ক্ষেত্রে সেনা সদস্যদের ট্রাভেল নীতি নিয়ে টমির আপত্তি ছিল।

গতবছর সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। তারা জানিয়ে দেয়, গর্ভপাত হলো সাংবিধানিক অধিকার। তাই সেনা-সদস্যরা কোনো রাজ্যের বাইরে গিয়ে গর্ভপাত করাতে পারবেন। পেন্টাগন তার খরচ দেবে।

আমেরিকার অনেক রাজ্যেই গর্ভপাত করা নিয়ে কড়াকড়ি আছে। পেন্টাগনের মত ছিল, কোনো সেনা-সদস্যকে কোনো রাজ্যে কাজের জন্য থাকতে হতে পারে। কিন্তু অন্য রাজ্যে গিয়ে গর্ভপাত করানোর অধিকার তার আছে।

লিসার নৌ-বাহিনীতে ৩৮ বছরের অভিজ্ঞতা আছে। তিনি প্রায় সব পর্যায়ে কম্যান্ডার ছিলেন। তিনিই দ্বিতীয় নারী যাকে ফোর স্টার অ্যাডমিরাল করা হয়েছিল।

Thursday, November 2, 2023

বিশ্ব নেতারাও জড়িত: অ্যাঞ্জেলিনা জোলি

বিশ্ব নেতারাও জড়িত: অ্যাঞ্জেলিনা জোলি

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাস নজিরবিহীন হামলা চালানোর পর থেকে গাজায় বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এদিকে চলমান এ সংঘাতে ইসরাইলের পক্ষে সরব হয়েছেন অনেক বলিউড ও হলিউড তারকা। কয়েকদিন আগে অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি যুদ্ধবিরতির আহ্বান জানালেও এবার তিনি বিশ্ব নেতাদের 'এই অপরাধে জড়িত' থাকার অভিযোগ করলেন।

গত সপ্তাহে তিনি গাজার অধিবাসীদের সহায়তা এবং অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছিলেন তার ইনস্টাগ্রামে। এবার তিনি বিশ্ব নেতাদের নিন্দা করেছেন এবং বলেছেন এই অপরাধে তারাও জড়িত।

মার্কিন অভিনেত্রী নিন্দা করে বলেছেন, 'আটকে পড়া জনগোষ্ঠীর ওপর ইচ্ছাকৃত বোমা হামলা চালানো হচ্ছে যাদের পালিয়ে যাওয়ার জায়গা নেই।'

প্রতিবেদনটি লেখার ১৮ ঘন্টা আগে অভিনেত্রীর ইনস্টাগ্রামে দেখা যায়, তিনি সেখানে লিখেছেন, 'গাজা প্রায় দুই দশক ধরে একটি উন্মুক্ত কারাগার এবং দ্রুত গণকবরে পরিণত হচ্ছে। নিহতদের মধ্যে ৪০ শতাংশই নিষ্পাপ শিশু। পুরো পরিবারকে হত্যা করা হচ্ছে।'

তিনি আরও বলেন, '৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় প্রায় ৮৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। যদিও বিশ্ব দেখছে এবং অনেক সরকারের সক্রিয় সমর্থনে, লক্ষ লক্ষ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক - শিশু, নারী, পরিবার - সম্মিলিতভাবে শাস্তি এবং অমানবিক করে তোলা হচ্ছে, যদিও তারা খাদ্য, ওষুধ এবং মানবিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।"

আরও যোগ করে বলেন, 'মানবিক যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করে এবং উভয় পক্ষের ওপর চাপিয়ে দেয়া থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবরুদ্ধ করে, বিশ্ব নেতারা এই অপরাধে জড়িত।'

Wednesday, November 1, 2023

অক্টোবরে এলো প্রায় ২ বিলিয়ন ডলার

অক্টোবরে এলো প্রায় ২ বিলিয়ন ডলার

বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে অর্থনীতির সবচেয়ে আলোচিত, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে ফের উল্লম্ফন দেখা দিয়েছে। গত সেপ্টেম্বরে বড় ধসের পর অক্টোবর মাসও শুরু হয়েছিল সেই পতনের ধারায়। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে বাড়তে থাকে। শেষ পর্যন্ত প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

বুধবার (১ নভেম্বর) রেমিটেন্স প্রবাহের অক্টোবর মাসের যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, সদ্য সমাপ্ত অক্টোবর মাসে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার (১.৯৮ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন। এই অঙ্ক চার মাসের মধ্যে সবচেয়ে বেশি। আর গত বছরের অক্টোবরের চেয়ে ২৯ দশমিক ৬৩ শতাংশ বেশি। আগের মাস সেপ্টেম্বরের চেয়ে বেশি ৪৮ দশমিক ২০ শতাংশ।

গত সেপ্টেম্বরে ১৩৩ দশমিক ৪৪ কোটি (১.৩৩ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। একক মাসের হিসাবে যা ছিল সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে কম। ২০২২ সালের অক্টোবরে এসেছিল ১৫২ কোটি ৫৫ লাখ (১.৫২ বিলিয়ন) ডলার।

২০২০ সালের প্রথম দিকে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। দেশে দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় লকডাউন; সব কিছু বন্ধ হয়ে যায়। কমতে শুরু করে রেমিটেন্স। সেই ধাক্কায় ২০২০ সালের মার্চে রেমিটেন্স ১২৭ কোটি ৬২ লাখ ডলারে নেমে আসে। এপ্রিলে তা আরও কমে ১০৯ কোটি ২৯ লাখ ডলারে নেমে আসে। এর পর থেকে অবশ্য রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে সরকারের বিদ্যমান প্রণোদনার বাইরে গত ২২ অক্টোবর থেকে আরও আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে ব্যাংকগুলো সরকার রেমিটেন্সে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। অর্থাৎ কোনো প্রবাসী ১০০ টাকা দেশে পাঠালে তার সঙ্গে ২ টাকা ৫০ পয়সা বা আড়াই টাকা যোগ করে তার পরিবার-পরিজনকে (যার নামে প্রবাসী টাকা পাঠান) ১০২ টাকা ৫০ পয়সা দেওয়া হয়।

২২ অক্টোবর থেকে ১০২ টাকা ৫০ পয়সার সঙ্গে আরও আড়াই টাকা অর্থাৎ মোট ১০৫ টাকা পাবেন।

এদিকে ডলারের দর আরও ৫০ পয়সা বাড়িয়েছে ব্যাংকগুলো। বুধবার থেকে রেমিটেন্স ও রপ্তানিকারকদের কাছ থেকে প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সায় কিনে আমদানিকারকদের কাছে ১১১ টাকায় বিক্রি করবে ব্যাংকগুলো। এত দিন ১১০ টাকায় ডলার কিনে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি হতো।

Tuesday, October 31, 2023

মৃত্যুর সময় মস্তিষ্কে কী ধরনের অনুভূতি হয়, গবেষণায় যা জানা গেল

মৃত্যুর সময় মস্তিষ্কে কী ধরনের অনুভূতি হয়, গবেষণায় যা জানা গেল

মৃত্যুর ঠিক আগের এবং পরের মুহূর্তে মস্তিষ্কের ভেতরে আসলে কী ঘটে, মৃত্যুকালীন সময়ে কেমন অনুভূতি হয়, এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন অনেকেই। তবে এর সঠিক উত্তর পাওয়া কঠিন কারণ মুমূর্ষু ব্যক্তি সাধারণত তাদের মৃত্যুকালীন অভিজ্ঞতার প্রকৃতি পুরোপুরি স্মরণ করতে পারেন না। এই বিষয়ে ধর্মে অনেক ব্যাখ্যা থাকলেও বিজ্ঞানীদের রয়েছে নিজস্ব বিশ্লেষণ। তারা মস্তিষ্কের জীবন থেকে মৃত্যু এই প্রক্রিয়াটি আরও ভালভাবে বোঝার জন্য কিছু পদক্ষেপ নিয়েছেন। সম্প্রতি মৃত্যুর পথযাত্রী এক ব্যক্তির মস্তিষ্ক পর্যবেক্ষণের মাধ্যমে এটি সম্ভবপর হয়েছে। ওই ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করতে পেরেছেন।

১৪ সেপ্টেম্বর রিসাসিটেশন জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কয়েকজন কার্ডিয়াক অ্যারেস্ট আক্রান্ত ব্যক্তির হৃৎযন্ত্রের স্পন্দন এক ঘণ্টা বন্ধ থাকার পরেও তাদের মস্তিষ্কে উদ্ভুত রকমের হাজারো কার্যকলাপ দেখা গেছে।বিজ্ঞানীরা জানিয়েছেন, মস্তিষ্ক পুরোপুরি মারা যেতে কয়েক ঘণ্টা সময় নেয়। মস্তিষ্ক মরে যাওয়ার সময় চোখের সামনে অতীত জীবনের ঝলক সামনে আসতে পারে। এদের কেউ কেউ বেঁচে ফিরে তাদের অনুভূতি বিনিময় করেন। তাদের একজন একটি উদ্দীপনামূলক অডিও শনাক্ত করতে পেরেছিলেন যা ডাক্তাররা তাদের পুনরুজ্জীবিত করার চেষ্টার সময় বাজিয়েছিলেন।

তারা বলেন, মৃত্যু পথযাত্রীরা একধরনের আনন্দময় অনুভূতির মধ্যে দিয়ে যান। ৫৬৭ জন রোগীর ওপর চালানো পরীক্ষায় বেঁচে ফেরেন মাত্র ৫৩ জন। নিউইয়র্ক ল্যাগন হেলথের মেডিসিনের অধ্যাপক স্যাম পারনিয়া বলেন, এদের ৪০ শতাংশ তাদের চারপাশে যেসব ঘটছে তা অনুধাবন করতে পারেন তবে তা স্মৃতিতে রাখতে পারেন না। ২০ শতাংশ তাদের মৃত্যুকালীন অনুভূতি কিছু পরিমাণে স্মরণ করতে পারেন। অন্যরা মনে করেন, ওই সময় মস্তিষ্কে তাদের সারাজীবনের কর্মকাণ্ডের এক ধরনের মূল্যায়ণ ঘটে। তাদের অতীত চোখের সামনে ভেসে উঠে।

তিনি আরও বলেন, আমরা দেখেছি যে মৃত্যুপথযাত্রীর কানে কয়েকটি সহজ শব্দ শোনালে তারা সেগুলো শিখতেও পারেন।

Sunday, October 29, 2023

অপ্রতিরোধ্য ভারতের সামনে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ

অপ্রতিরোধ্য ভারতের সামনে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ

ইংল্যান্ড হয়ত পণ করেছে বাংলাদেশকে তাদের ওপরেই রাখবে। টাইগারদের দাপটের সঙ্গে হারানর পর আর জয়ের মুখ দেখেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের। জয় তো দূরে থাক, ভারতের বোলিংয়ের বিপক্ষে টিকে থাকতেই পারল না জস বাটলারের দল। স্বল্প রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই বড় জয়ে ফের টেবিলের শীর্ষে উঠেছে ভারত।

ভারতকে থামাবে কে? -এই প্রশ্নই এখন চারপাশে। দেশের মাটিতে চলমান বিশ্বকাপে ভারতের সামনে যে দলই পড়ছে ন্যুনতম লড়াইও করতে পারছে না। আগের ম্যাচে তবু একটু চ্যালেঞ্জে ফেলেছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংটা ভালো না হওয়ায় ভাবা হচ্ছিল পা হড়কাতেও পারে আজ। কিন্তু দাপট দেখালেন ভারতের বোলাররা। ইংল্যান্ড রীতিমতো খাবি খেতে খেতে ডুবল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় এখন সময়ের ব্যাপার শুধু।

লখনৌয়ের অটল বিহারি বাজপেয়ী একানা স্টেডিয়ামে রোববার (২৯ অক্টোবর) ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়েছে ভারত। টস জিতে এদিন ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে রোহিত শর্মার ব্যাটে ভর করে ৯ উইকেট হারিয়ে ২২৯ রানের মামুলি সংগ্রহ পায় ভারত। জবাবে ভারতের বোলারদের দাপটে রানে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

এদিন আগে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। ক্রিস ওকস ও ডেভিড উইলির দাপুটে বোলিংয়ে মাত্র ৪০ রান তুলতে ৩ উইকেট হারায় ভারত। শুভমান গিল ৯ ও শ্রেয়াস আইয়ার ৪ রান করলেও এদিন রানের খাতা খুলতেই পারেননি বিরাট কোহলি।

কেএল রাহুলের সঙ্গে ৯১ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ওপেনার রোহিত শর্মা। ৫৮ বলে ৩ চারে ৩৯ রান করে উইলির শিকারে পরিণত হন রাহুল। রাহুলের বিদায়ের পর সূর্যকুমারের সঙ্গে জুটি গড়েন রোহিত।

Monday, October 23, 2023

গাজায় সামরিক যান রেখে পালিয়েছে ইসরায়েলি সৈন্যরা

গাজায় সামরিক যান রেখে পালিয়েছে ইসরায়েলি সৈন্যরা

গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলি সৈন্যরা দুটি সামরিক বুলডোজার ও একটি ট্যাংক রেখে পালিয়ে যায়।

রোববার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস দাবি করে, ইহুদিবাদী বাহিনীর সেনারা গাজার খান ইউনিসে আল-কাসেম ব্রিগেডসের অতর্কিত হামলার মুখে পড়ে। এরপর সেখান থেকে সামরিক যান (দুটি বুলডোজার ও একটি ট্যাংক) রেখে পায়ে হেঁটে সীমান্ত বেড়ার পূর্ব দিকে পালিয়ে যায় তারা। খবর বিবিসি'র।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার সীমান্তঘেঁষা কিসুফিম এলাকার কাছে অবস্থান নেওয়া তাদের সেনাদের লক্ষ্য করে শুধুমাত্র গুলি ছোড়া হয়েছে এবং যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানে প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাংক পাল্টা হামলা চালিয়েছে।

চলতি মাসের ৭ তারিখ থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এরমধ্যে ১ হাজার ৮৭৩ জন শিশু, ১ হাজার ১০১ জন নারী ও ১ হাজার ৬৭৭ জন পুরুষ রয়েছে।

এছাড়াও ইসরায়েলের হামলায় আহত হয়েছেন ১৪ হাজার ২৪৫ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক। হতাহতদের মধ্যে ৮৩৯ জন দক্ষিণ গাজায় প্রাণ হারিয়েছেন যেখানে উত্তরাঞ্চলের লোকজনকে পালিয়ে যেতে বলা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, হতাহতদের মধ্যে ৬৪ শতাংশ শিশু ও নারী। এছাড়া এখনও অনেক মানুষ বিধ্বস্ত বাড়িঘরের নিচে আটকা পড়ে আছেন।

এদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দেশটির নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন। আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন। নিহতদের মধ্যে ৩৬৩ সেনা ও পুলিশ সদস্য।