Sunday, October 8, 2023

রাশিয়ার সঙ্গে ব্যবসা ৪২ চীনা কোম্পানিকে মার্কিন নিষেধাজ্ঞা

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকার অভিযোগে ৪২টি চীনা কোম্পানির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ পশ্চিমা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে রাশিয়ার প্রতিরক্ষা শিল্পে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ সরবরাহ করেছে তারা। যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে নির্মিত সার্কিট।

এই ৪২টি প্রতিষ্ঠানকে এক্সপোর্ট কন্ট্রোল লিস্টে তালিকাভুক্ত করেছে মার্কিন প্রশাসন।

চীনা এই প্রতিষ্ঠানগুলো ছাড়াও ফিনল্যান্ড, জার্মানি, ভারত, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের মোট সাতটি কোম্পানিকেও এই তালিকায় ফেলা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

চীনা কোম্পানিগুলো মস্কোর কাছে যেসব যন্ত্রাংশ সরবরাহ করেছে, তার মধ্যে অন্যতম হলো বিশেষ ধরনের সার্কিট যা ক্ষেপণাস্ত্র ও ড্রোনে ব্যবহৃত বিভিন্ন গাইডেন্স সিস্টেমে ব্যবহৃত হয়। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুর ‍বিরুদ্ধে ব্যবহার করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ।

এ বিষয়ে দেয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট এনফোর্সমেন্ট সংক্রান্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ম্যাথু এক্সেলরো বলেন,

আজকের এই তালিকার মাধ্যমে পরিষ্কার বার্তা দেয়া হচ্ছে, যদি কেউ যুক্তরাষ্ট্রে নির্মিত কোনো যন্ত্রাংশ রাশিয়ার প্রতিরক্ষা খাতে সরবরাহ করে, তাহলে আমরা তাদের খুঁজে বের করব এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক দাদাগিরি হিসেবে উল্লেখ করেছে তারা।

এ প্রসঙ্গে দেয়া বিবৃতিতে চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানায়,

যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের এই ভুল পথ থেকে অবিলম্বে সরে আসতে হবে এবং চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে অকারণে নিপীড়ন বন্ধ করতে হবে।

যে সব প্রতিষ্ঠানকে ওয়াশিংটন এই নিষেধাজ্ঞার তালিকায় ফেলে তাদের যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির জন্য হুমকি হিসেবে মনে করা হয়। এই সব কোম্পানির পক্ষে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে পড়ে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: