Wednesday, October 11, 2023

বাবা কবরে মা জেলে, শিশু আফনানের ভবিষ্যৎ কী

পরকীয়া প্রেমিককে নিয়ে শিশু সন্তানের সামনেই বাবাকে হত্যা করেছে মা। বাবা এখন কবরে! এ হত্যার অভিযোগে মাকে ধরে নিয়ে গেছে পুলিশ। মা জেলে। এ অবস্থায় ৮ বছরের আফনানের ঠাঁই হয়েছে তার ফুপুর কাছে।

চোখের সামনে বাবাকে হত্যা করতে দেখা শিশুমনে বিরাজ করছে আতঙ্ক। কারও সাথেই সেইভাবে কথা বলছে না সে। যে বয়সে বাবা-মায়ের আদর-সোহাগে বড় হওয়ার কথা। সেই বয়সে চিরদিনের জন্য বাবাকে হারাল সে, খুনের দায়ে আটক মাকেও কাছে পাওয়া অনিশ্চিত তার। সময় সংবাদের কাছে এরকম কথাই বললেন এলাকাবাসী।

প্রতিবেশীরা জানান, শিশু আফনান কান্নাকাটি করছে। মূলত তার মায়ের জন্য কাঁদছে। কারণ, জন্মের পর বাবাকে সে ওইভাবে কাছে পায়নি। তিনি ছিলেন প্রবাসে। যে কারণে মায়ের কাছেই বড় হয়েছে সে। কিন্তু এখন যে অবস্থাটা তাতে শিশু আফনানের ভবিষ্যৎ কী, সেটাই ভাবার বিষয়।

হাজীগঞ্জে মায়ের পরকীয়ায় নৃশংসভাবে খুন হন বাবা। এ ঘটনার পর পুলিশ গ্রেফতার করে মাকে। গত ২ দিন আগে খুন হওয়া প্রবাসী ইমরান বাশারের ৮ বছরের শিশু সন্তানটির এখন আশ্রয় মিলেছে তার ফুপু রিনা বেগমের কাছে।

রোববার (৮ অক্টোবর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের দোতলা একটি বাসা থেকে গলা কাটা অবস্থায় ইমরান বাশার নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ রয়েছে, স্ত্রী ফারজানা আক্তার তার প্রেমিক আশেক এলাহী বাবুকে দিয়ে খুন করে স্বামী ইমরানকে।

এ ঘটনার দুদিন পর নিহতের বোন রিনা বেগম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় ফারজানা আক্তার ও আশেক এলাহী বাবুকে। কিন্তু ঘটনার পরপর ফারজানা আক্তারকে পুলিশ আটক করতে পারলেও গা ঢাকা দিয়েছে আশেক এলাহী বাবু। তার বাড়ি পাশের শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায়।

মামলার বাদী রিনা বেগম অভিযোগ করেন, তার ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। গত ২ মাস আগে দেশে ফিরেন তার ভাই। এরইমধ্যে স্বামী দেশে ফিরে আসায় প্রেমিক আশেক এলাহী বাবুকে নিয়ে একবার পালিয়ে যান ফারজানা আক্তার। পরে আত্মীয় স্বজনের মধ্যস্ততায় আবার স্বামীর সংসারে ফিরেও আসেন তিনি। কিন্তু গত রোববার রাতে কৌশলে বাবুকে বাসায় ডেকে এনে তাকে দিয়ে স্বামীকে গলা কেটে হত্যা করা হয়।

এদিকে, পুলিশ স্বামীকে হত্যার সহযোগিতার অভিযোগ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে ফারজানা আক্তারকে। তবে উপযুক্ত অভিভাবক না থাকায় ইমরান বাশার-ফারজানা আক্তার দম্পতির একমাত্র সন্তান ৮ বছরের শিশুটি এখন তার ফুপু রিনা বেগমের কাছেই থাকবে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ জানান, প্রবাসী ইমরান বাশারকে হত্যায় জড়িত আশেক এলাহী বাবুকে পুলিশ খুঁজছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর ফের সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল ইমরান বাশারের।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: