গাইবান্ধার পলাশবাড়ীতে ইউপি সদস্য বাদশা মিয়া (৫০) হত্যা মামলার প্রধান আসামি পাপুল আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ অক্টোবর) রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পাপুল আকন্দ উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্বনয়নপুর গ্রামের মোসলেম আকন্দের ছেলে।
সোমবার (৯ অক্টোবর) বিকালে পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে আসামি পাপুল আকন্দকে গ্রেপ্তার করা হয়। পাপুল গ্রেফতার এড়াতে নিজের চুল, দাঁড়ি কেটে চেহারা পরিবর্তন করেছিলেন।
গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে বাকবিতণ্ডা থামাতে গিয়ে পাপুল নামের ওই যুবকের ছুরিকাঘাতে ইউপি সদস্য বাদশা মিয়া (৫০), স্বপন মিয়া (৩৩) ও সবুজ মিয়া (৩৫) নামে তিন ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইউপি সদস্য বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত বাদশা মিয়া বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

0 coment rios: