Friday, September 15, 2023

শোক প্রকাশ করে সোহানকে ক্ষমার ঘোষণা দিলেন শাবনূর

মৃত্যুর আগে সালমান শাহ আর শাবনূরের দ্বন্দ্বের কারণ জানিয়েছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। যেখানে সালমান শাহ আর সামিরার সংসারে অশান্তির কারণ হিসেবে শাবনূরকেই দায়ী করেছিলেন পরিচালক। সে অপবাদের কখনও প্রতিবাদ করতে দেখা যায়নি চিত্রনায়িকা শাবনূরকে। পরিচালকের মৃত্যুর পর সম্প্রতি সে বিষয়ে মন্তব্য করে শাবনূর পরিচালক সোহানকে ক্ষমা করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরে একদিন পরই মারা যান পরিচালক সোহানুর রহমান সোহান। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাসায় ঘুমের মধ্যে মৃত্যু হয় প্রখ্যাত পরিচালকের।

পরিচালকের মৃত্যুর খবরে শোকাহত হয়েছেন চিত্রনায়িকা শাবনূরও।  বুধবার ( ১৩ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

ওই স্ট্যাটাসে নায়িকা শাবনূর পরিচালক সোহানের মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি আফসোস করে বলেছেন, সোহান আঙ্কেল যাবার আগে আমার বিরুদ্ধে মিডিয়াতে কিছু উল্টা-পাল্টা ও মিথ্যা অপবাদ দিয়ে গেছেন। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন ও আমার সম্মানহানিও করে গেছেন।

শাবনূর তার ফেসবুক পোস্টে আরও লেখেন , মিথ্যা অপবাদ প্রসঙ্গে শাবনূর নাকি সোহানকে জিজ্ঞেস করেছিলেন, আঙ্কেল আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করে আছেন? উত্তরে সোহান না বলেন। তার কিছুদিন পরেই আবারও শাবনূর প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য করেছিলেন সোহান। কারণ
সালমান শাহর মৃত্যুতে শাবনূরকেই দোষী ভাবতেন পরিচালক সোহান।

সে বিষয়েই সম্প্রতি শাবনূর তার অভিযোগ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সময়ের পাঠকের জন্য চিত্রনায়িকা শাবনূরের সে ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো-

আহা জীবন! অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে, বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বলা দরকার, গতকাল সোহানুর রহমান সোহানের স্ত্রীও স্ট্রোক করে মারা গেছেন।

সোহান আঙ্কেল যাবার আগে আমার বিরুদ্ধে মিডিয়াতে কিছু উল্টা-পাল্টা ও মিথ্যা অপবাদ দিয়ে গেলেন। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন ও আমার সম্মানহানি করে গেলেন। অনেকেই তার কটুকথার বিরুদ্ধে পাল্টা জবাব দিতে বলেছিলেন। আমি চাইলেই মিডিয়াতে তার এই মিথ্যা অপবাদের প্রতিবাদ করতে পারতাম।

এর আগেও উনি কোন এক ইন্টারভিউতে আমার বিরুদ্ধে এরকম বাজে মন্তব্য করেছিলেন। তখনও আমি তার অপবাদের বিরুদ্ধে কোন পাল্টা জবাব দেইনি। সোহান আঙ্কেল অনেক বয়োজেষ্ঠ্য, আমার পিতৃতুল্য। আমি কোন অন্যায় করলে উনি আমাকে শাসন করতে পারতেন। এইতো কিছুদিন আগেও তার সাথে আমার ফোনে আলাপ হয়েছিল।

তখন তাকে জিজ্ঞেস করেছিলাম আঙ্কেল আপনি কি কোন কারনে আমার উপর রাগ করে আছেন? আপনি যে আমার বিরুদ্ধে মিডিয়াতে উল্টা-পাল্টা কথা বলতেছেন। তিনি তখন বললেন তুই আমাদের ইন্ডাস্ট্রির মেয়ে, আমার মেয়ের মতো, তোর উপর কেন রাগ করতে যাবো। আর আমিতো তোর বিরুদ্ধে কোন বাজে কথা বলিনি। এরপরে আমার বিরুদ্ধে গত সপ্তাহে তিনি আবারও মিথ্যা অপবাদ দিয়ে গেলেন।

কিন্তু আমার একটাই দুঃখ আমি জানতে পারলাম না উনি কেন বা কার চক্রান্তে প্রভাবিত হয়ে আমার পেছনে উঠে পড়ে লেগেছিলেন। যাইহোক, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাই জীবনটা খুবই ছোট্ট। এত দাঙ্গা ফাসাদ করে কী লাভ? একে অন্যের বিরুদ্ধে না লেগে আসুন আমরা সবাই মিলে মিশে থাকি। গন্তব্য তো একটাই, সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে।

যেহেতু ক্ষমা একটি মহৎ গুণ তাই আমি উনাকে মাফ করে দিলাম। আমি আঙ্কেল ও তার স্ত্রীর রুহের মাগফিরাত কামনা করছি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: