স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলায় জনসভাকে জনসমুদ্রে পরিণত করে নারায়ণগঞ্জ থেকেই সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করতে চান বলে জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) আগামী ১৬ সেপ্টেম্বরের জনসভাকে সফল করতে বন্দরে সমরক্ষেত্রে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এ কথা জানান।
তিনি বলেন, 'কেন জনসভা করব, আমার একটা উদ্দেশ্য আছে। স্বাধীনতার ৫৩ বছর পর যখন দেখি এই বিএনপির ঘাড়ে চেপে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতের দল প্রকাশ্যে কথা বলে। ওরা বিএনপিকে ব্যবহার করছে। যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম সেখানে বঙ্গবন্ধু ও আমার নেত্রীকে গালি দেয়। এতদিন চুপ করে ছিলাম, আর না। তাই সবার সঙ্গে আলাপ আলোচনা করে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি।'
জনসভা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, 'আমরা রেকর্ড গড়ি। আমাদের রেকর্ড আমরাই ভাঙবো। স্মরণকালের সর্ববৃহৎ জনসভা করবো। আমরা সেদিন বাঙালি জাতিকে ম্যাসেজ দিতে চাই, বাংলাদেশকে বলতে চাই, বাংলাদেশ জাগো। আমরা নারায়ণগঞ্জ জেগেছি। তোমরাও জাগো। আগে নারায়ণগঞ্জটা ঠিক করি। তারপর হাইওয়েতে যাবো। তারপর তোরা লাফালাফি করবি।'
বিএনপিকে উদ্দেশ্য করে সংসদ সদস্য শামীম ওসমান আরও বলে বলেন, 'ওরা মানুষ পুড়িয়ে মারে আবার বলে ওরা নাকি গণতান্ত্রিক দল। বিএনপি-জামায়াতকে আমি গোনায়ও ধরি না। বড় বড় কথা কস ব্যাডারা? তরা ছোটবেলার খেলোয়াড়? বুঝামুনে খেলাডা। তোমাদের সঙ্গে এবার আমি খেলবো। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যেয়ে খেলবো।'
শামীম ওসমান বলেন, 'যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে অশালীন কথা বলে তাদের সঙ্গে এবার নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে খেলবো। শুধু নেত্রীর নির্দেশের অপেক্ষায় আছি। 'মা' বইলা 'গো' বলার সময় দিবো না। নারায়ণগঞ্জ থেকেই বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন স্বাধীনতা বিরোধীদের বিদায়ের ঘণ্টা বাজানো হবে।
বিএনপির নানা সহিংস কর্মকাণ্ডের কথা তুলে ধরে বক্তব্যের এক পর্যায়ের বিএনপির প্রতি একটি অনুরোধও রাখেন সংসদ সদস্য শামীম ওসমান।
তিনি বলেন, 'তবে বিএনপির প্রতি আমি একটা অনুরোধ রাখতে চাই। আপনারা দয়া করে আরেকটু জোরালোভাবে আন্দোলন করেন। তাতে আমাদের একটা লাভ আছে। আওয়ামী লীগের হাইব্রিডগুলি আস্তে আস্তে সরে যাবে। আর আমাদের অরিজিনাল ত্যাগী নেতারা সব সামনের দিকে চলে আসবে।'

0 coment rios: