ওপার বাংলার অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির মৃত্যু নিয়ে কম জল ঘোলা হয়নি। প্রেমিক রাহুল সিংয়ের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন বালিকা বধূ সিরিয়ালের এই অভিনেত্রী। প্রেমিকের নির্যাতন সহ্য করতে না পেরেই নাকি আত্মহত্যার সিদ্ধান্ত নেন প্রত্যুষা। একথাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুম্বাই আদালত।
ভারতীয় গণমাধ্যমের খবর, প্রত্যুষার মৃত্যু মামলায় অভিযুক্ত প্রেমিক রাহুলের মুক্তির আবেদন খারিজ করে দিল আদালত। সেই পরিপ্রেক্ষিতেই আদালত স্পষ্ট এও জানিয়ে দিয়েছে, প্রেমিক রাহুল প্রত্যুষাকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্তা করতেন। এমনকি রাহুলের জন্যই আর্থিক হয়রানির শিকার হয়েছিলেন নায়িকা। এই প্রতিটি ঘটনাই ধীরে ধীরে মানসিক অবসাদের কারণ হয়ে উঠেছিল প্রত্যুষার। তারপরই আত্মহত্যার পথ বেছে নেন তিনি৷ গত ১৪ অগাস্ট রাহুলের মুক্তির আবেদন খারিজ করে দেয় আদালত৷ তারপর আসল কারণ প্রকাশ্যে আসে।
গত ২০১৬ সালের ১ এপ্রিল গলায় ফাঁস লাগিয়ে ফ্ল্যাটে আত্মহত্যা করেছিলেন বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীর মৃত্যুর খবরে নড়ে গিয়েছিল বিনোদন জগত। বছর ২৪-এর অভিনেত্রীর এমন মর্মান্তিক পরিণতি কেউই মেনে নিতে পারেনি। তারপর থেকেই আসল দোষীকে খুঁজে বের করার জন্য একাধিক ধারায় প্রেমিক রাহুল সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রত্যুষার মা। অভিনেত্রীর পরিবার ছাড়াও তার দুই ঘনিষ্ঠ বন্ধু বিকাশ ও কাম্যাও অভিযোগ আনেন।

0 coment rios: