অভিনয় নিয়ে বছরজুড়ে ব্যস্ত থাকেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। চলতি বছর প্রধান নায়িকা চরিত্রে টলিউডের ছবিতে প্রথম অভিষেক ঘটেছে এ অভিনেত্রীর। এবার নিজ দেশীয় ছবিতে তার অভিনয়ের জাদু দেখানোর পালা। এমন সুখবর দিলেন মিথিলা।
সম্প্রতি মিথিলা অভিনীত সরকারি অনুদানের সিনেমা 'জলে জ্বলে তারা' সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। এই ছবিতে 'তারা' চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় নদী ও নারীর এক অন্যরকম গল্প দেখা যাবে।
নিজের ফেসবুকে সিনেমার সনদপত্র পোস্ট করে ক্যাপশনে মিথিলা লেখেন, "অবশেষে অপেক্ষার দিন শেষ হলো। সেন্সর পেল অরুণ চৌধুরী পরিচালিত অনুদানের সিনেমা 'জলে জ্বলে তারা'। আরও লেখেন 'তারা' চরিত্রটি আমার হৃদয়ের খুব কাছের একটি চরিত্র। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডকে অজস্র ধন্যবাদ। খুব তাড়াতাড়ি রিলিজের তারিখ ঘোষণা করা হবে। ছবির সব শিল্পী কলাকুশলীদের প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতা। এবার দর্শকের ভালোবাসার অপেক্ষায় 'জলে জ্বলে তারা।"
এই ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ এফএস নাঈম ছবিটির গল্প ইফফাত আরেফিন তন্বী'র । মিথিলা বলেন, 'এখনই কিছু বলা যাবে না। টিজার এলে দর্শক এমনিতেই বুঝবেন এই ছবির জন্য আমি ব্যক্তিগতভাবে কী ধরনের প্রস্তুতি নিয়েছি।
জানা গেছে, 'জলে জ্বলে তারা' ছবিটি মাত্র ১৬ দিনের শুটিংয়েই নির্মিত হয়েছে । এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান প্রমুখ। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন রায়হান খান।

0 coment rios: