এশিয়া কাপের গুরুত্বহীন ম্যাচে বড় জয় পেয়েছে ভারত। আফগানিস্তানকে হারিয়েছে ১০১ রানে। এতো বড় জয়ও টুর্নামেন্টে কোনো লাভ আনতে পারলো না ভারতের জন্য। কেননা আগের দুটি ম্যাচে টানা পরাজয়ে ছিটকে গেছে ফাইনালে যাওয়ার রেস থেকে।
দুবাইয়ের মাঠে বিরাট কোহলির রাজকীয় শতক বিশ্বকাপের আগে ভারতের মনোবল বাড়িয়ে দেবে। কোহলির ১২২ রানের অপরাজিত ইনিংসে ২১২ রান তোলে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ৮ উইকেটে ১১১ রান তুলতে পারে মোহাম্মদ নবীর দল। শেষ পর্যন্ত হেরেছে ১০১ রানে।
দুবাই স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার লোকেশ রাহুল ও বিরাট কোহলি মিলে ১১৯ রান যোগ করে স্কোর বোর্ডে। ৪১ বলে ৬২ রান করা লোকেশ রাহুলকে সাজঘরে ফেরানোর পর সূর্যকুমার যাদবকেও (৬) ফেরান ফরিদ আহমেদ।
৩২ বলে ৫০ পূর্ণ করার পর ৫৩ বলে কোহলি পৌঁছে যান কাঙ্ক্ষিত শতকের ঘরে। শেষ পর্যন্ত ৪১ বলে ১২ চার ও ৬ ছক্কায় খেলেন ১২২ রানের অপরাজিত ইনিংস। ৬১ বলে ১২টি চার ও ৬টি ছক্কায় তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। আর সবমিলিয়ে ৩৪ মাস পর শতকের দেখা পেলেন কোহলি।
২১৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমেআফগান দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ রানের খাতা না খুলেই ফেরেন ভুবনেশ্বর কুমারের বলে। ইবরাহিম জাদরান একপাশ আগলে রাখলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় বিরাটের করা রানও পার করতে পারেনি আফগানিস্তান।
সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১১ রান তুলে শেষ হয় আফগানদের ইনিংস। ভারতের পক্ষে ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৫ উইকেট নেন ভুবনেশ্বর। ১টি করে উইকেট নেন অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন ও দীপক হুডা।
টুর্নামেন্টে ফাইনালের আগে আরেকটি ম্যাচ বাকি আছে সুপার ফোরের। আগামীকাল পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলবে ওই ম্যাচ। ফাইনালের প্রস্তুতিটা ভালোই সারতে পারবেন দাসুন শানাকা আর বাবর আজমরা।

0 coment rios: